‘ধমক দিয়ে’ কর আদায় করা যাবে না: অর্থ উপদেষ্টা

‘ধমক দিয়ে’ কর আদায় করা যাবে না: অর্থ উপদেষ্টা

করদাতাদের ওপর চাপ সৃষ্টি বা ‘ধমক দিয়ে’ কর আদায়ের চেষ্টা করা যাবে না বলে সতর্ক করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যবসায়ীরা লাভ করলে এবং মানসম্পন্ন সেবা পেলে স্বতঃস্ফূর্তভাবেই কর প্রদান করবেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে আয়োজিত বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের মাইলফলক উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসা ছাড়া আমরা এগোতে পারবো না। ট্যাক্স-টু-জিডিপি অনুপাত বাড়াতে হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ব্যবসার সমৃদ্ধি জরুরি। জোর করে বা ধমক দিয়ে ট্যাক্স আদায় সম্ভব নয়। ব্যবসায়ীরা আয় করলে তারা কর দেবেন।

তিনি আরও বলেন, কর আদায়ের সবচেয়ে কার্যকর পথ হলো উন্নত সেবা নিশ্চিত করা। এনবিআর কর্মকর্তারা যদি সেবার মান উন্নত করেন, মানুষ কর দিতে আগ্রহী হবে। সেবা না পেলে তারা তা আটকে রাখবে।

উদাহরণ হিসেবে তিনি ব্রাজিলের কথা তুলে ধরে বলেন, সেখানে ট্যাক্স-টু-জিডিপি অনুপাত প্রায় ২৬ শতাংশ, কারণ জনগণ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ ভালো সেবা পায়।

অর্থ উপদেষ্টা বলেন, ডিজিটালাইজেশনের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না। বিএসডব্লিউ আসলে একটি নতুন পথ তৈরি করছে, যেখানে ব্যবসায়ীরা সহজেই প্রয়োজনীয় সেবা পাবেন।

প্রকল্পটির মাধ্যমে আমদানি-রপ্তানির শুল্ক সংক্রান্ত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) অনলাইনে ইস্যু করা হচ্ছে। চলতি বছরের ২ জানুয়ারি কার্যক্রম শুরু করার পর থেকে ৫ লাখ ৭৮ হাজারের বেশি সিএলপি অনলাইনে ইস্যু করা হয়েছে। এর মধ্যে ৮৪ শতাংশ আবেদন ১ ঘণ্টার মধ্যেই এবং ৯৫ শতাংশ ১ দিনের মধ্যেই সম্পন্ন হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে করদাতাদের মধ্যে পাঁচ প্রতিষ্ঠানকে ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এগুলো হলো—সোনালী ব্যাংক পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ব্র্যাক, বুরো বাংলাদেশ ও রেনেটা পিএলসি।

অর্থ উপদেষ্টা এসব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এগুলো দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান, তবে আমাদের শুধু খ্যাতিমান প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকা উচিত নয়। আরও অনেক প্রতিষ্ঠানকে স্বীকৃতির আওতায় আনতে হবে।

গত করবর্ষে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সরকারি কর্মচারী, সব তফশিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ইউনিলিভার বাংলাদেশ এবং সব মোবাইল অপারেটরের কর্মকর্তা-কর্মচারীর জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। ফলে এসব প্রতিষ্ঠানের অংশগ্রহণেই রিটার্ন দাখিলে বড় অগ্রগতি হয়েছে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

এসএম/ইএ

Comments

0 total

Be the first to comment.

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার Jagonews | অর্থনীতি

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

সড়ক দুর্ঘটনা এখন প্রায় গণহত্যার রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্ট...

Sep 12, 2025

More from this User

View all posts by admin