ধর্মের ভালো দিকগুলো অনুসরণ করলে সমাজে হানাহানি থাকবে না: খসরু

ধর্মের ভালো দিকগুলো অনুসরণ করলে সমাজে হানাহানি থাকবে না: খসরু

ধর্মের ভালো দিকগুলো অনুসরণ করলে সমাজে হানাহানি থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর ইপিজেড ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্যারোড গ্রাউন্ডে (সিমেন্স হোস্টেল) আয়োজিত কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। হিল চাদিগাং বুড্ডিস্ট ওয়েলফেয়ার সোসাইটি ওই অনুষ্ঠানের আয়োজন করে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কঠিন চীবর একটি ত্যাগের ব্যাপার। এটা এক ধরনের ধৈর্যের পরীক্ষা, ত্যাগের পরীক্ষা। প্রতিটি ধর্মেই ত্যাগের কাজগুলো আছে। ধর্মের ভালো কাজগুলো, ভালো কথাগুলো যদি আমরা ফলো (অনুসরণ) করি তাহলে নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, দ্বিধাদ্বন্দ্ব কিছুই কাজ করতো না।’

আমীর খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি কথা হলো—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা সবার। ধর্ম যার যার, উৎসব সবার। বৌদ্ধদের শুধুমাত্র ধর্ম নয়, একটি কৃষ্টি আছে, ভাষা আছে, সংস্কৃতি আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় বৌদ্ধদের এ ভাষা, কৃষ্টি ,সংস্কৃতি অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। এটাই বাংলাদেশ। এখানে সবার কাজ সবাই করবে। অনেকগুলো রং মিশে রংধনু হয়, কিন্তু রংধনু একটাই। এরকম সবাই মিলে বাংলাদেশ।

বিএনপির এই নেতা আরও বলেন, উৎসবমুখর পরিবেশে আপনাদের অনুষ্ঠান হচ্ছে। কিন্তু একটা বিষয় আমাকে উজ্জীবিত করেছে। আপনারা (বুড্ডিস্ট) যে শৃঙ্খলা ধরে রাখতে পেরেছেন এটা গর্বের। এই শৃঙ্খলা সর্বক্ষেত্রে ধরে রাখতে পারলে আগামীর বাংলাদেশ আমাদের প্রত্যাশার বাংলাদেশ হবে।

আমীর খসরু বলেন, এখানে বৌদ্ধ ধর্মের অনেক লোকজন আছে, কিন্তু এখানে একটি বৌদ্ধবিহার নেই। আপনাদের কর্মকাণ্ড আমাকে উজ্জীবিত করেছে, আগামী দিনে সুযোগ পেলে এই এলাকায় ভবিষ্যতে বৌদ্ধবিহার দেখতে পাবেন।

হিল চাদিগাং বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা সাধনাজ্যোতি মহাস্হবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ত্রিপিটক পাঠ করেন ভদন্ত কুমার ক্যাশব, ভিক্ষু পঞ্চশীল পাঠ করেন করুনাময় চাকমা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।

অনুষ্ঠানে আলোচক ছিলেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, সড়ক ও জনপদের চট্টগ্রাম দক্ষিণ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, বিএনপি নেতা সরফরাজ কাদের রাসেল, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টি রুবেল বড়ুয়া, বিএনপি নেতা রোকন মাহমুদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রেষ্ঠ দেওয়ান এবং নিশু চাকমা। এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিম বড়ুয়া ডালিম, কমলজ্যোতি বড়ুয়া, তাপস বড়ুয়া, সুমন বড়ুয়া, সজল বড়ুয়া রনি বড়ুয়া, বিপ্লব বিজয়, চয়ন বড়ুয়া।

এমডিআইএইচ/এমএমকে/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin