ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য আটক

ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য আটক

রাজধানীতে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। তার নাম শাহিনুর (৫২)। তিনি চাকরিচ্যুত সেনাসদস্য।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে শেরে-বাংলা আর্মি ক্যাম্পের টহলদল অভিযান পরিচালনা করে আগারগাঁওয়ের এলজিইডি ভবন থেকে শাহিনুরকে আটক করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহিনুর সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট। তিনি নিজেকে ডিজিএফআইয়ের সিনিয়র ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে এলজিইডি ভবনে প্রবেশ এবং সেখানে লোক নিয়োগে প্রভাব খাটানোর চেষ্টা করেন। এলজিইডির পরিচালক বিষয়টি সন্দেহজনক মনে করে সরাসরি ডিজিএফআইয়ের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চিত হন, শাহিনুর নামের কোনো কর্মকর্তা সংস্থাটিতে কর্মরত নেই। তাৎক্ষণিকভাবে এলজিইডি কর্তৃপক্ষ শেরে-বাংলা আর্মি ক্যাম্পকে বিষয়টি জানায়। পরে সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে গিয়ে শাহিনুরকে আটক করে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে অভিযোগ আসে, এক ব্যক্তি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে এলজিইডি কার্যালয়ে কয়েকজনকে চাকরিতে নিয়োগের জন্য প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। পরে আমাদের টহল দল গিয়ে তাকে চ্যালেঞ্জ করলে তিনি ভুয়া পরিচয় দিয়েছেন বলে প্রমাণ মেলে। তদন্তে জানা যায়, তিনি সেনাবাহিনীর সার্জেন্ট পদে চাকরি করতেন এবং ২০০৮ সালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন।

সেনাসদস্যরা শাহিনুরকে শেরে-বাংলা নগর থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড রোধে সেনাসদস্যরা সর্বদা সতর্ক। পাশাপাশি জনসাধারণের কেউ এ ধরনের তথ্য পেলে কাছের সেনাক্যাম্পে জানাতে অনুরোধ করা হয়েছে।

টিটি/একিউএফ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin