দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার অপচেষ্টা রুখে দিতে হবে

দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার অপচেষ্টা রুখে দিতে হবে

দেশের রাজনীতিতে আবার কেউ কেউ নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্ঠা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এখন আবার কেউ কেউ নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চালাচ্ছে। দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার চেষ্টা করছে। দিল্লী বা বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না। যারা এসব ষড়যন্ত্র করছে তাদের অপচেষ্টা রুখে দিতে হবে।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-৬ (সূত্রাপুর-গেন্ডারিয়া-কোতয়ালী আংশিক) আসনকে কেন্দ্র করে ওই গণসমাবেশের আয়োজন করা হয়।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করেছে। বিশ্বের মধ্যে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিলো। ফলশ্রুতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।’

গণসমাবেশে চরমোনাই পীর আরও বলেন, আমরা যেন আর কখনো খুনি, চাঁদাবাজদের সহযোগী না হই। ৫ আগস্টের পর যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাই। এখন দেশের মানুষ ইসলামের সৌন্দর্যের ওপর আস্থা রাখতে চায়। সুতরাং আসুন ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামী শক্তির পক্ষে কাজ করি। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করতে জনগণের প্রতি আহবান জানান মুফতি রেজাউল করীম ।

ঢাকা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মানোয়ার খানের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব প্রকৌশলী কেএম আতিকুর রহমান, কেএম শরীয়াতুল্লাহ, ডা. মুহাম্মাদ শহিদুল ইসলাম প্রমুখ।

আরএএস/এমএমকে/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin