দিনদুপুরে ব্যবসায়ীর মাথায় আঘাত, টাকা-মোটরসাইকেল ছিনতাই

দিনদুপুরে ব্যবসায়ীর মাথায় আঘাত, টাকা-মোটরসাইকেল ছিনতাই

রাজশাহীতে এক ব্যবসায়ীর মাথায় আঘাত করে তাঁর মোটরসাইকেল ও টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে নগরের রাজপাড়া থানার বহরমপুর নিমতলা পেঁয়াজির মোড়ে এ ঘটনা ঘটে।

মো. চাঁদ (৪০) নামের ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথা, কপাল ও নাকে গুরুতর জখম হয়েছে। তাঁর বাড়ি নগরের বোয়ালিয়া থানার সপুরা মথুরডাঙ্গা শিল্পীপাড়া মহল্লায়।

মো. চাঁদ রামেক হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি দাবি করেন, ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে নগদ সাড়ে ১২ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে।

ঘটনার বর্ণনা দিয়ে মো. চাঁদ বলেন, দুপুরে তিনি মোটরসাইকেল নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক তাঁকে দাঁড় করান। তিনি থামলে তাঁর মোটরসাইকেলের চাবি তুলে নেওয়া হয়। এ সময় হঠাৎ পেছন থেকে একজন তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

চাঁদ বলেন, জ্ঞান ফেরার পর তিনি দেখেন যে তাঁর কাছে থাকা সাড়ে ১২ লাখ টাকা নেই। মোটরসাইকেলও নেই। ছিনতাইকারীদের মধ্যে সুরুজ, হাসিবুল ও ইসরাত নামের তিনজনকে তিনি চিনতে পেরেছেন।

খবর পেয়েই অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে তৎপরতা শুরু করেছে নগরের রাজপাড়া থানা–পুলিশ। থানার উপপরিদর্শক তাজউদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা করছি।’

তাজউদ্দিন বলেন, ‘মো. চাঁদের মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমরা নিশ্চিত হয়েছি। তবে টাকা ছিনতাইয়ের বিষয়টি আমরা নিশ্চিত নই। ভুক্তভোগী কিছুটা সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা হবে।’

এর আগে গত ২০ এপ্রিল রাজশাহী নগরের ঘোড়ামারা এলাকায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে একটি দোকানের ব্যবস্থাপকের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin