ফ্রান্সের রাজধানী প্যারিসে জনপ্রিয় জাদুঘর ল্যুভরে এক দল চোর সিনেমার দৃশ্যের মতো চুরি করেছে। ডিস্ক কাটার হাতে নিয়ে তারা জানালা কেটে প্রবেশ করে অমূল্য গয়না চুরি করে মাত্র সাত মিনিটের মধ্যেই মোটরসাইকেলে পালিয়ে যায়।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ ন্যুনেজ জানিয়েছেন, রবিবার সকালে তিন থেকে চারজন ব্যক্তি চেরি পিকার নামে পরিচিত একটি হাইড্রোলিক মই ব্যবহার করে বাইরে থেকে প্রবেশ করে গ্যালারি দ্য আপোলনে হামলা চালায়। পুরো ঘটনাটি সাত মিনিটেরও কম সময়ে শেষ হয়।
জাদুঘরের এই অংশে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও সম্রাজ্ঞী ইউজেনির গহনার প্রদর্শনী চলছিল। ন্যুনেজ বলেন, এটি স্পষ্টতই একটি পেশাদার দল, যারা আগে থেকেই পুরো জায়গাটি পর্যবেক্ষণ করেছিল।
স্থানীয় দৈনিক লে পারিজিয়ান জানিয়েছে, চোরেরা দুটি প্রদর্শনী কক্ষ থেকে ৯টি মূল্যবান গহনা চুরি করে। একটি জানালায় ডিস্ক কাটার ব্যবহার করা হয়েছে ভেতরে প্রবেশের জন্য। গ্যালারিতে প্রবেশের পর তারা দুটি কাচের প্রদর্শনী ভেঙে গহনা নিয়ে পালিয়ে যায়।
পত্রিকাটি আরও জানিয়েছে, চোরেরা শ্যেন নদীর তীরবর্তী ভবনের দিক থেকে ঝুলন্ত ক্রেন-লিফট ব্যবহার করে গ্যালারির জানালা পর্যন্ত ওঠে। চুরির পর জাদুঘরের বাইরে একটি ভাঙা মুকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটি সম্রাজ্ঞী ইউজেনির।
প্যারিস সেন্ট্রের মেয়র অ্যারিয়েল ওয়েইল এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি একেবারে সিনেমার গল্পের মতো। ভাবতেই কষ্ট হয় যে, এত সহজে কেউ ল্যুভর চুরি করতে পারে। ঘটনাটি শুধু সাংস্কৃতিক নয়, জননিরাপত্তার ক্ষেত্রেও বড় ধরনের ধাক্কা।
বিশ্বখ্যাত মোনা লিসাসহ অসংখ্য ঐতিহাসিক শিল্পকর্মের ঠিকানা ল্যুভর জাদুঘরটি রবিবারের ঘটনার পর পুরো দিন বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হবে এবং গ্যালারি দ্য আপোলন সাময়িকভাবে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।