এশিয়া কাপের ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই পাকিস্তান ক্রিকেট দলকে আবারও মাঠে নামতে হচ্ছে। এবার তাদের লড়াই দক্ষিন আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান দল।
দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফরের শুরুতেই অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তিন নতুন মুখ, অনভিষিক্ত ক্রিকেটার- অলরাউন্ডার আসিফ আফ্রিদি, বাঁ-হাতি রিস্ট স্পিনার ফয়সাল আক্রাম ও উইকেটরক্ষক-ব্যাটার রোহাইল নাজির।
প্রথম টেস্ট শুরু হবে আগামী ১২ অক্টোবর লাহোরে। সিরিজের আগে ঘোষিত এই বিস্তৃত দল থেকে শুরুর আগে সংক্ষিপ্ত করা হবে মূল স্কোয়াড।
নতুন ডাক পাওয়া তিন ক্রিকেটারের মধ্যে আসিফ আফ্রিদি হলেন সবচেয়ে বয়স। ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে তার। তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ঘরোয়া ক্রিকেটে। ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ১৯৮ উইকেট, গড়ে ২৫.৪৯।
২২ বছর বয়সী ফয়সাল আক্রাম নতুন প্রজন্মের স্পিনার, ২০২৩ সালের ডিসেম্বরে প্রথম শ্রেণিতে অভিষেক। মাত্র ৯ ম্যাচে ৪৪ উইকেট শিকার করেছেন তিনি। তিনটি ওয়ানডেতেও খেলেছেন, নিয়েছেন ৫ উইকেট।
২৩ বছর বয়সী রোহাইল নাজির পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দারুণ সম্ভাবনাময় ব্যাটার-উইকেটকিপার। ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে ব্যাটিং গড় ৩৪.৪৫। ইতোমধ্যে ২০২৩ হাংজু এশিয়ান গেমসে টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছে তার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য আজ (মঙ্গলবার) থেকেই লাহোরে প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। এশিয়া কাপ শেষে ৪ অক্টোবর দলে যোগ দেবেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, সালমান আগা ও আবরার আহমেদ। ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে লাল বলের প্রধান কোচ আজহার মাহমুদ ও এনসিএ কোচদের অধীনে।
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা সূচি
১২-১৬ অক্টোবর: ১ম টেস্ট, লাহোর২০-২৪ অক্টোবর: ২য় টেস্ট, রাওয়ালপিন্ডি২৮ অক্টোবর: ১ম টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি৩১ অক্টোবর: ২য় টি-টোয়েন্টি, লাহোর১ নভেম্বর: ৩য় টি-টোয়েন্টি, লাহোর৪ নভেম্বর: ১ম ওয়ানডে, ফয়সালাবাদ৬ নভেম্বর: ২য় ওয়ানডে, ফয়সালাবাদ৮ নভেম্বর: ৩য় ওয়ানডে, ফয়সালাবাদ
পাকিস্তানের ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আক্রাম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলি, রোহাইল নাজির (উইকেটকিপার), সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।
আইএইচএস/