প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া কার্লোস আনচেলত্তির ব্রাজিল। একচেটিয়া আধিপত্য বিস্তার করে সেলেসাওরা ৫-০ গোলে অনায়াসে ম্যাচ জিতেছে।
সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে শুক্রবার (১০ অক্টোবর) দুটি করে গোল করেছেন এস্তেভোঁ ও রদ্রিগো। একবার জাল খুঁজে নেন ভিনিসিউস জুনিয়র।
১৩ মিনিটে দারুণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ব্রুনো গিমারাইসের পাসে ছয় গজ বক্সের প্রান্তে ডান পায়ের শটে বল জালে পাঠান এস্তেভোঁ।
দ্বিতীয় গোল পেতে সময় লাগে। আক্রমণ গড়েও ব্যবধান বাড়ছিল না। অবশেষে ৪১ মিনিটে রদ্রিগোর দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ডি-বক্সের বাঁ দিক থেকে কাটব্যাক করেন ভিনিসিউস, রদ্রিগোর ডামি করা বলে কাসেমিরোর পাস হয়ে দুই ডিফেন্ডারের পাশ দিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক অব্যাহত ছিল। ব্রাজিল দুই মিনিটের মধ্যে আরও দুটি গোলও পায়। ৪৭ মিনিটে এস্তেভোঁ বল ধরে ক্ষীপ্রতায় এগিয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন। আন্তর্জাতিক ফুটবলে আট ম্যাচে তার গোল হলো তিনটি।
দুই মিনিট পর চতুর্থ গোলটি হজম করে স্বাগতিকরা। ভিনিসিউসের পাস বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে গোলকিপারকে কে পরাস্ত করেন রদ্রিগো।
৭৭ মিনিটে মাথেউস কুইয়ার পাস মাঝমাঠে ধরে দ্রুত গতিতে সবাইকে পেছনে ফেলে বক্সে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারকে পরাস্ত করেন। এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল।
এদিকে শুক্রবার ভোর ৬টার দিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলবে খেলবে ভেনিজুয়েলার বিপক্ষে। তবে লিওনেল মেসি খেলবেন কি-না সংশয় রয়েছে।
এ বিষয়ে দলের কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘আমরা কথা বলেছি (মেসির সঙ্গে), সব ফুটবলারকেই পাচ্ছি আমরা। তবে লাইনআপ নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেইনি। ম্যাচের আগে শেষ অনুশীলনের পর আমরা সিদ্ধান্ত নেব। এমনিতে এই ধরনের ম্যাচগুলোতে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত এবং সেটিই আমরা করব। বিকল্প নতুন কিছু বাজিয়ে দেখতে চাই আমি।’