ডলারের প্রলোভনে টাকা আত্মসাৎ: দুই নাইজেরিয়ান নাগরিক রিমান্ডে

ডলারের প্রলোভনে টাকা আত্মসাৎ: দুই নাইজেরিয়ান নাগরিক রিমান্ডে

নোয়াখালীর এক মাদ্রাসা পরিচালক নিজাম উদ্দিনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৪৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার দুই নাইজেরিয়ান নাগরিককে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৫ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এ দিন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. শামীমুল এহসান। রিমান্ডপ্রাপ্তরা হলেন– চিফ চার্লস ওকাফর সিমিডো জর্জ (৪৫) ও লুইচ ইকেরা ইফেজুয়ে (৩৭)।

গত ২৪ এপ্রিল প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মতিঝিল থানায় মামলা করেন ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক মো. নিজাম উদ্দিন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ৪ জুন রাত সাড়ে ৯টায় মো. নিজাম উদ্দিনের হোয়াটস অ্যাপে মার্কিন সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয় মেসেজ দেন। তার নাম ফ্লোরা ডারপিনো। তখন নিজাম উদ্দিন সঠিক পরিচয় দেন। কথপোকথনের এক পর্যায়ে ওই সার্জেন্ট বলেন, তিনি ইয়েমেনে যুদ্ধে অংশ নেওয়ার জন্য মিশনে এসেছেন। সিরিয়া সীমান্তে বিদ্রোহিদের সঙ্গে যুদ্ধ করতে করতে একটি পরিত্যক্ত গাড়িতে কয়েকটি বাক্স পেয়েছেন; যার মধ্যে তিনি নিজের ভাগে ১৪ দশমিক ছয় মিলিয়ন ডলার পেয়েছেন। তখন তিনি মাদ্রাসা শিক্ষককে এই ডলারগুলো দিয়ে বাংলাদেশে এতিমখানা নির্মাণের জন্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেন। এতে শিক্ষক নিজাম সম্মতি প্রকাশ করেন। এ সময় ফ্লোরা ডারপিনো তাকে বলেন, আমেরিকান ডিপ্লোম্যাটিক ডেলিভারি কোম্পানির মাধ্যমে এ বাক্সটি তার বাড়িতে পৌঁছে দেবে। তখন নিজাম নিজের ঠিকানা ও মোবাইল নম্বর তাকে পাঠান। কুরিয়ার সার্ভিস বাবদ ৭০০ ডলার পেমেন্ট করার জন্য অনুরোধ করলে নিজাম রাজি হন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, আমেরিকান দূতাবাসের কূটনৈতিক পরিচয়ে ডেবিড নামে একজন নিজামকে ফোন করেন। তিনি বলেন, নিজামের নামে একটি লাগেজ এসেছে। কুরিয়ার সার্ভিসের চার্জ বাবদ ৭৫ হাজার টাকা পাঠাতে হবে। পরে নিজাম ইসলামী ব্যাংকের একাউন্টে ৭৫ হাজার টাকা পাঠিয়ে দেন। একদিন পর তাকে ফোন দিয়ে জানানো হয়, ইমিগ্রেশন পুলিশ ওই লাগেজটি আটক করেছে। নিজামের ছবি, ঠিকানা প্রকাশ করার জন্য বলছে। এই তথ্য প্রকাশ করলে নিজাম বিপদে পড়বেন অথবা পুলিশকে ১৫ হাজার ডলার দিতে হবে। এই ভয় দেখিনোয় ব্যাংক একাউন্ট ও বিকাশে ২০২৩ সালের ৭ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ১৪ লাখ টাকা পাঠান। কয়েকদিন পর ডেবিড পরিচয় দেওয়া ওই ব্যক্তি নিজামের বাড়ি নোয়াখালীতে ল্যাগেজের ভেতরে থাকা বক্সটি নিয়ে আসেন। বাক্সটি খুলে তাকে দেখিয়ে বলেন, এগুলো কালো রং করা ডলার। চারটি ডলার পরিষ্কার করেন। এরপর বলেন, বাকি ডলারগুলো পরিষ্কার করতে মেশিন ও ক্যামিকেল লাগবে। আমি পরে মেশিন ও ক্যামিকেল সঙ্গে নিয়ে আসবো। এই বলে সে বাক্সটি ল্যাগেজের ভেতরে লক করে চাবি নিয়ে যান। দুই দিন পর ফোন দিয়ে বলেন, বিদেশ থেকে মেশিন, ক্যামিকেল ও টেকনেশিয়ান আনতে সময় লাগবে। আবার কয়েকদিন পর ফোন দিয়ে জানান, টেকনেশিয়ান বিদেশ থেকে আসতে বাংলাদেশ এয়ারপোর্টে পুলিশের কাছে রেনটাল মেশিন, ক্যামিকেলসহ আটক হয়েছেন। তারা নিজামের ঠিকানা ও ছবি প্রকাশ করতে বলছেন অথবা তাদের ৩০ হাজার ডলার দিতে হবে। এতে বাদী রাজি না হওয়াতে তারা বাক্সটির বিষয়ে পুলিশকে জানিয়ে দেবেন বলে জানান। পুলিশের ভয় দেখিয়ে ডেবিট নিজামের বাসায় এসে ওই বছরের ২০ জুন নগদ ১১ লাখ টাকা গ্রহণ করেন। পরে ২৫ জুন থেকে ১ আগস্ট পর্যন্ত ১৭ লাখ ১৫ হাজার টাকা নেন। এইভাবে প্রতারক চক্রকে মোট ৪৪ লাখ ৯০ হাজার ৪০০ টাকা পাঠানোর অভিযোগ করেন নিজাম।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin