দলের কোনো কর্মী অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা: জামায়াত নেতা

দলের কোনো কর্মী অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা: জামায়াত নেতা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আব্দুল খালেক বলেছেন, আমার দলের কোনো কর্মী অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পূজা উদযাপনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে আমরা সব সময় সতর্ক থাকবো। মানুষ তার ধর্ম-মত স্বাধীনভাবে পালন করতে পারবে। আমাদের লক্ষ্য আগামীর বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা সদর উপজেলার পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভায় এসব কথা বলেন আব্দুল খালেক।

জামায়াত মনোনীত এই প্রার্থী আরও বলেন, ‌‘আমার এমপি হওয়ার কোনো খায়েশ নেই। মানুষের ভালোবাসা নিয়েই আমি শেষ বয়স পর্যন্ত কাজ করতে চাই।’

সভায় জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা মোশাররক হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, সহ-সভাপতি গোপাল চন্দ্র ঘোষাল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রামপদ দাশ, কাটিয়া সার্বজনীন মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত প্রমুখ।

আহসানুর রহমান রাজীব/এসআর/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin