দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তার পরিচয়ে মামলা থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা নতুন নয়। এবার দুদক চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. সাইফুল ইসলাম পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার দুদক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্র সাইফুল ইসলামের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি, এমনকি সাবেক কয়েকজন সচিবকে ফোন করছে। অভিযোগ বা মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে এসব ফোনকল করা হচ্ছে ০১৬০২১২৪৮৪৭ নম্বর থেকে।
এর আগে এ ধরনের প্রতারণার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবু নতুন কৌশলে প্রতারণার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুদক।
প্রতিষ্ঠানটি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দুদকের কোনো কর্মকর্তা ফোনে টাকা চাইবেন না বলে জানানো হয়েছে।
এ ধরনের প্রতারণামূলক ফোনকল, বার্তা বা ব্যক্তিগত যোগাযোগের মুখোমুখি হলে তা সঙ্গে সঙ্গে দুদকের টোল-ফ্রি হটলাইন ১০৬–এ জানানোর অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে কাছের দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতেও বলা হয়েছে।