দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কিছু সন্ত্রাসী চেষ্টা করেছিল পূজা যাতে ভালোভাবে অনুষ্ঠিত না হয়। কিন্তু সন্ত্রাসীদের কর্মকাণ্ড প্রতিহত করে দেওয়া হয়েছে। পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে গত শনিবার খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচির ডাক দেয় জুম্ম ছাত্র–জনতা। এ কর্মসূচিকে কেন্দ্র করে গত রোববার গুইমারার রামেসু বাজারে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছিল স্থানীয় একটি পক্ষ। এ সময় গুলিতে তিন পাহাড়ির মৃত্যু হয়। খাগড়াছড়িতে মঙ্গলবারও সারা দিন সড়ক অবরোধ করে জুম্ম ছাত্র-জনতা। পরে রাত ৯টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়।

এমন পরিস্থিতিতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘খাগড়াছড়ির গুইমারা এলাকায় একটা ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটানোর উদ্দেশ্য ছিল দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে যেন হতে না পারে। কিছু সন্ত্রাসী চেষ্টা করেছিল পূজা যাতে ভালোভাবে অনুষ্ঠিত না হয়। কিন্তু সন্ত্রাসীদের কর্মকাণ্ড প্রতিহত করে দেওয়া হয়েছে।

পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে। সন্ত্রাসীরা সব জায়গায় চেষ্টা করবে। তাদের দেশে ও দেশের বাইরে কিছু মদদদাতা রয়েছে। তাদের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।’এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুর্গাপূজায় আপনারা সব সময় সত্যি সংবাদ প্রচার করেন। কেউ যদি কোনো অসত্য সংবাদ দেয়, তা যেন প্রকাশ করা না হয়। যাচাই না করে কোনো সংবাদ দেবেন না। নতুন একটি অ্যাপ তৈরি করা হয়েছে। সেখানে সঠিক সংবাদ সংশ্লিষ্টরা দিতে পারবেন।’

উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা পবিত্র ধর্মীয় উৎসব। তাই সবাইকে এর পবিত্রতা রক্ষা করতে হবে। এখানে যেন কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ যেন জুতা পায়ে মণ্ডপে না ওঠে, সেদিকেও লক্ষ রাখতে হবে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025

More from this User

View all posts by admin