দুর্গাপূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন, থাকছে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা

দুর্গাপূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন, থাকছে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা

বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গত ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২ অক্টোবর পর্যন্ত সারা দেশের ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুই লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) আনসার অ্যান্ড ভিডিপির সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূজার নিরাপত্তায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে— সতর্কতা, আন্তরিকতা ও জনগণবান্ধব মনোভাবে দায়িত্ব পালনের জন্য। বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমে প্রায় দুই লাখ তরুণকে গণপ্রতিরক্ষার নতুন ধারায় প্রশিক্ষিত করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন সংযোজিত এভিএমআইএস সফটওয়্যার ও শারদীয় সুরক্ষা অ্যাপ ব্যবহার করে পূজামণ্ডপের নিরাপত্তা কার্যক্রম প্রযুক্তিনির্ভর করা হয়েছে। এসব অ্যাপের মাধ্যমে মোতায়েনকৃত সদস্যরা দুর্ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে রিপোর্ট করছেন এবং তা অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শেয়ার করা হচ্ছে।

ঝুঁকির ভিত্তিতে পূজামণ্ডপগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে— অধিক গুরুত্বপূর্ণ: ৭ হাজার ৫৪টি পূজামণ্ডপে ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ: ১০ হাজার ৯৭২টি পূজামণ্ডপে ৬ জন করে সদস্য মোতায়েন থাকবে। সাধারণ: ১৩ হাজার ৫৫০টি পূজামণ্ডপে ৬ জন করে সদস্য থাকবে।

এছাড়া ৬৪ জেলায় ৯২টি ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন করা হয়েছে, যারা টহল পরিচালনার পাশাপাশি যেকোনও আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে।

প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে গত এক বছরে ১ লাখ ৩৫ হাজার ৫০০ জনকে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এবং ১৫ হাজার ৮০৭ জনকে উপজেলা আনসার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে আরও ১ লাখ ১৪ হাজার জনকে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এবং ৩৭ হাজার ৪২৬ জনকে উপজেলা আনসার প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে।

আনসার ও ভিডিপি বাহিনী জানিয়েছে, পূজামণ্ডপে গুজব প্রতিরোধ, তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ মোকাবেলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

আনসার জানায়, বাহিনী আশা করছে, গণমাধ্যমের সহযোগিতায় শারদীয় দুর্গাপূজার সময় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin