ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রোববার শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের উদ্যাপনের এই আনন্দ আরও বাড়িয়ে দিতে নতুন সব গান তৈরি করেছেন শিল্পীরা। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে সংগীতশিল্পী উত্তম রায় হাজির হচ্ছেন চারটি নতুন গান নিয়ে। তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানগুলো। এর মধ্যে একটি মৌলিক গান ‘তুমি আমার নিশানা’। গানটির কথা, সুর ও কণ্ঠশিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। কক্সবাজারে এর ভিডিও ধারণ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বাকি তিনটি গান কাজী নজরুল ইসলামের ‘জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী’, ‘এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন’ এবং ‘জগতের নাথ করো পার হে’। গানগুলোর গিটার বাজিয়েছেন উত্তম নিজেই। আধুনিক যন্ত্রানুষঙ্গের মিশেলে মিক্স-মাস্টার করেছেন মুশফিক লিটু। তাঁর বিশ্বাস, গানগুলো শ্রোতাদের কাছে নতুনভাবে ধরা দেবে।
ছেলেবেলা থেকেই গানের সঙ্গে পথচলা উত্তমের। স্কুল-কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়—সবখানেই পেয়েছেন সম্মান ও পুরস্কার। পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে। নজরুল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমায় প্রথম শ্রেণি অর্জন করেছেন। পড়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ ও ভারতের বহু গুণী সংগীতজ্ঞের কাছে তালিম নেওয়া উত্তম এখন নিজেও গান শেখান। পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক।
বিটিভি ও প্রায় সব বেসরকারি চ্যানেলে তাঁর সরাসরি ও রেকর্ড করা গান প্রচারিত হয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নজরুলসংগীত ও আধুনিক গান করেন তিনি। উত্তম বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সুরকার ও সংগীত পরিচালক। মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশের (এমসিএসবি) সদস্যও।২০০৪ সালে তাঁর প্রথম অ্যালবাম হাওয়া প্রকাশিত হয়। এরপর নজরুলের ভক্তিগীতির অ্যালবাম ‘এলো রে শ্রী দুর্গা’ বেশ আলোচনায় আসে। আধুনিক ও নজরুলসংগীত মিলিয়ে বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। বর্তমানে তাঁর ইউটিউব চ্যানেলে রয়েছে প্রায় ৫০০ গান। জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসার ময়না’, ‘আমার চোখের জলে বহে নদী’, ‘পরান বন্ধু’।
নিয়মিত স্টেজ শো করার পাশাপাশি অনলাইনে কিশোর কুমার, মান্না দে–সহ বাংলা গানের স্বর্ণযুগের শিল্পীদের গান গেয়ে আলোচনায় এসেছিলেন উত্তম। গিটার, কি–বোর্ডসহ নানা বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী তিনি। নজরুলসংগীত শিল্পী পরিষদের সহসভাপতির দায়িত্বও পালন করছেন। এই শিল্পী জানালেন, গান তাঁর কাছে কেবল পেশা নয়, জীবনের বিশ্বাস ও ভালোবাসা। শৈশবে শিশু একাডেমিতে প্রয়াত দেলোয়ার হকের কাছে শুরু, এরপর সুধীন দাশ, সোহরাব হোসেন, ওস্তাদ মিহির লালা, অনিলকুমার সাহা, গৌতম ভট্টাচার্য, ওস্তাদ মাশকুর আলী খান, শুভ্রা গুহ, বিদুষী শান্তি শর্মা থেকে শুরু করে পণ্ডিত তুষার দত্তের কাছে উচ্চাঙ্গসংগীতে উচ্চতর তালিম নিয়েছেন।