রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে মিরপুর সড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ল্যাবএইড হাসপাতালের ইমারজেন্সি গেটের সামনে শান্তা-মরিয়ম ইউনিভার্সিটির একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংবাদ পেয়ে দুটি ইউনিট পাঠিয়েছি। বিস্তারিত এখনও জানা যায়নি।’
এদিকে প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের ইমারজেন্সি গেটের সামনে শান্তা-মরিয়ম ইউনিভার্সিটির একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ও যাত্রীরা নিরাপদে সরে যান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
এদিকে ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কাইয়ুম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বাসটি আগুনে পুড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের নাম জানা যায়নি। আগুন নেভানোর পর হয়তো জানা যাবে।
এর আগে সোমবার (১০ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে মেরুল বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসে এবং ভোর ৬টা ১৪ মিনিটে শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক নামের একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে বাস দুইটির আগুন নেভান।