ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন বহুতল ভবনের দুই মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে নগরীর বাউন্ডারি রোডে অভিযান চালানো হয়।
অভিযানের সময় গ্রিনল্যান্ড ডেভেলপার ও খন্দকার মাহবুবুর রহমানের মালিকানাধীন বহুতল ভবনের নিচতলায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত দুই মালিককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেন। তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম ভবনের সাইড ইঞ্জিনিয়ারদের সতর্ক করে বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের ৫২ ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে দিন দিন ময়মনসিংহে এডিস মশার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে ময়মনসিং মেডিক্যাল কলেজ হাসপাতালে অর্ধশতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে এমনটা জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।