দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান।
রবিবার (২ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এফবিসিসিআই’র প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে ট্রেড অর্গানাইজেশন আইন, ২০২২-এর ধারা ১৭ অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, মো. আবদুর রহিম খান প্রশাসক হিসেবে আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
এফবিসিসিআই দেশের বাণিজ্য ও শিল্পখাতের সর্বোচ্চ ছাতাসংগঠন হিসেবে ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।