দলীয় মনোনয়ন ঘোষণার পর বিরোধ ভুলে এক কাতারে দেখা গেলো সিলেট বিএনপির শীর্ষ নেতাদের। শুক্রবার (নভেম্বর) বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালি ও সমাবেশে এ দৃশ্য দেখা যায়। এ দিন দিবসটি উপলক্ষে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে র্যালিটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালিতে সিলেট-১ আসনে দলীয় প্রার্থী খন্দকার আব্দুল মক্তাদির, সিলেট-৪ আসনের প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের প্রার্থী এম এ মালিক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে হাত উঁচিয়ে নেতাকর্মীদের স্বাগত জানাতে দেখা যায়।
সিলেট-১ আসনে মুক্তাদির মনোনয়নে কিছুটা মনোক্ষুন্ন ছিলেন আরিফুল হক চৌধুরী। মন গলাতে আরিফকে মনোনয়ন দেওয়া হয় সিলেট-৪ আসনে। সিলেট-৩ আসনে শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। কিন্তু এ আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু বিএনপির শুক্রবারের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা।
নগরীর কাজিটুলা এলাকার বাসিন্দা রানা জানান, মুক্তাদির-আরিফের হাত উঁচিয়ে চলা ছিল শুক্রবারের টক অব দ্যা সিটি। এটি বিএনপি নেতাকর্মীদের কাছে নতুন বার্তা নিয়ে আসবে বলে তার ধারণা।
র্যালি ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক উদ্দিন আশুক ও মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম প্রমুখ।
র্যালি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ১৯৭৫ সালের এই দিনে নিদারুণ দুঃসময়ে দেশপ্রেমিক জনগণের পাশে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যেভাবে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, সেভাবেই জাতীয় সংকটের মুহূর্তে তিনি জাতির রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন। জিয়ার বাংলাদেশ কখনও পরাধীন হবে না- এ দেশ পার্শ্ববর্তী শক্তির সঙ্গে সম্মানের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে।
এ সময় বক্তারা বলেন, আঙুল বাঁকা করার ভয় দেখানো হচ্ছে- আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা সেই আঙুল ভেঙে দেবো। অতীতেও এমন বহু ভয় দেখানো হয়েছিল, কিন্তু বিএনপি কখনও পিছু হটেনি, ভয় পায়নি। আগামী জাতীয় নির্বাচনে সিলেট জেলার ছয়টি আসনসহ বিভাগের ১৯টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বিজয়ের উপহার দেবো, ইনশাআল্লাহ।
দিবসটি উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির আওতাধীন সকল থানা, ওয়ার্ড, উপজেলা ও পৌর ইউনিটেও পৃথকভাবে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজেদের উদ্যোগে নানা কর্মসূচি পালন করে।