দীর্ঘদিন ধরে একাধিক পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আটকের পর শুক্রবার সকালে তাকে আদালতে চালান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রুমন। তিনি বলেন, ‘তাকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
এছাড়া, তার আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত আছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।
সম্প্রতি রসায়ন বিভাগের শিক্ষার্থীরা এরশাদ হালিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন। এরপর বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় মামলা দায়েরের পর রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে একটি সংবাদ সম্মেলন করেন রসায়ন বিভাগের কিছু শিক্ষার্থী।
এরশাদ হালিমের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, ‘তিনি বিভিন্ন অজুহাতে ছাত্রদের রুমে ডেকে নিয়ে আলো নিভিয়ে দরজা-জানালা বন্ধ করে শারীরিক স্পর্শ দাবি করতেন, জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন।’