বাবা নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে শুরু হয় সাবার জীবনসংগ্রাম। সাবার সেই সংগ্রামের গল্প পর্দায় তুলে এনেছেন নির্মাতা মাকসুদ হোসাইন। তাঁর সেই সিনেমা ‘সাবা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। এটি মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা। তবে দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পায় আগে। গত বছর শঙ্খ দাশগুপ্তর সে সিনেমাটির জন্যও ব্যাপক প্রশংসিত ও পুরস্কৃত হয়েছেন অভিনেত্রী। গতকাল রাতে এক ফেসবুক পোস্টে মেহজাবীন জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
ফেসবুকে ‘সাবা’ মুক্তির খবর জানিয়েছে মেহজাবীন লিখেছেন, ‘এটি একটি বিশেষ সিনেমা, আপনার মাকে সঙ্গে নিয়ে আসুন—এ গল্প তাঁর জন্যও।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
সিনেমাটি নিয়ে এর আগে দেওয়া সাক্ষাৎকারে মেহজাবীন বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরে বিনোদনের নানা মাধ্যমে কাজ করলেও সিনেমাটা করা হচ্ছিল না। যেখানেই যেতাম, প্রশ্নের মুখোমুখি হতাম, কেন আমি সিনেমা করছি না? তবে আমি সিনেমা করার জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম, মনের মতো করেই প্রথম সিনেমাটি করতে চাই। যে সিনেমা নিজের কাছেও স্মৃতি হয়ে থাকবে, দর্শকও সারা জীবন মনে রাখবেন। যে ছবির মান, গল্পের গভীরতা—সবই যেন দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। তেমনই একটা গল্প, চরিত্র পেয়ে গেলাম।’
সিনেমাটি নিয়ে মেহজাবীন আরও বলেন, ‘ছবিটির গল্প শোনার পর থেকে নিজেই বুঝতে পারছিলাম, এটাই হবে আমার প্রথম ছবি। সেভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম। দীর্ঘ অপেক্ষার পর প্রথম ছবি হিসেবে এটি করার সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটির প্রমাণ এখন পাচ্ছি।’
প্রথম সিনেমায় অভিনয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়ে হয়েছে অভিনেত্রীকে। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘অনেক রিহার্সাল করেছি। কঠোর পরিশ্রম করতে হয়েছে। এটা একই সঙ্গে আমার পরিচালকের শাশুড়ির কথা, চিত্রনাট্যকারের মায়ের গল্প। যে কারণে অনেক গভীরভাবে চরিত্র সম্পর্কে আলোচনা করতে পেরেছি।’সিনেমায় সাবার আহত মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী আর মেয়ে হয়েছেন মেহজাবীন চৌধুরী। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছেন মোস্তফা মন্ওয়ার। ‘সাবা’ সিনেমায় প্রথমবার মেহজাবীন চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তফা মন্ওয়ার।