এনসিপির চট্টগ্রাম যুবশক্তির নেতাকে হুমকি, থানায় জিডি

এনসিপির চট্টগ্রাম যুবশক্তির নেতাকে হুমকি, থানায় জিডি

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির সিনিয়র সদস্যসচিব হুজ্জাতুল ইসলাম সাঈদকে হুমকির অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে যুবশক্তি নেতা হুজ্জাতুল ইসলাম সাঈদ এ সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নং- ২২৯৭।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাধারণ ডায়েরির এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যুবশক্তি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। হুজ্জাতুল ইসলাম সাঈদসহ নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন।

এসব বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি চট্টগ্রামে মিছিল ও গুপ্ত হামলার ঘটনায় ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সামদানি জনিকে দায়ী করে কথা বলায় অজ্ঞাতনামা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মোবাইল ফোনে হুমকি দেয়।

এ বিষয়ে জাতীয় যুবশক্তির সিনিয়র সদস্য সচিবন হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার ওপর যুক্তরাষ্ট্রে হামলার ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়ে মিছিল সমাবেশ করেছি। এরপর থেকেই আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইলে কল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডাররা হুমকি দিয়ে আসছে। তাই সাধারণ ডায়েরি করেছি। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনবে।

এমআরএএইচ/এনএইচআর

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin