এশিয়া কাপ: কাল ভারত-পাকিস্তান মেগা ফাইনাল

এশিয়া কাপ: কাল ভারত-পাকিস্তান মেগা ফাইনাল

৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে খেলাটি। রাজনৈতিক অস্থিরতার কারণে এবারের আসর ভিন্ন অভিজ্ঞতা হয়েছে দুই দেশের জন্য। ভারতের হ্যান্ডশেক ইস্যু থেকে শুরু করে পাকিস্তানের প্লেন ক্র্যাশ কিংবা বন্দুক সেলেব্রেশন এসেছে আলোচনায়।

মূলত, রাজনৈতিক অস্থিরতায় সম্পর্কটা ক্রমেই তেতো হচ্ছে ভারত ও পাকিস্তানের। সম্প্রতি সেই টানাপোড়েনের ছায়া পড়েছে মাঠে। পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রভাব পরেছে এশিয়া কাপে। ভারত অধিনায়কের হাত না মেলানো কিংবা খেলা শেষে ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেয়া ছিল আলোচনার শীর্ষে।

তবে পাকিস্তানও যে নীরবে বিষয়গুলো হজম করেছিল তা কিন্তু নয়। বাউন্ডারি লাইনে হারিস রউসের প্লেন ক্র্যাশ এবং শাহিবজাদা ফারহানের ‘একে ফোরটি সেভেন’ উদযাপনে উত্তপ্ত হয় খেলার মাঠ। যদিও এই কর্মকান্ডগুলো জবাব হিসেবে মানতে নারাজ তারা।

মাঠে অঙ্গভঙ্গি যাই হোক না কেনো খেলায় অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশ এগিয়ে ভারত। সবশেষ চার টি-টোয়েন্টিতেই পাকিস্তানকে হারিয়েছে তারা। ১৯৮৪ সাল থেকে যাত্রা শুরু হওয়া এশিয়া কাপের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৭তম আসরে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি।

টানা ৬ ম্যাচ জিতে আসরের সবচেয়ে সফল দল হয়েই ফাইনাল নিশ্চিত করে ভারত। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং এই তিন বিভাগে অন্যদের চেয়ে কেনো তারা আলাদা তা এরই মধ্যে প্রমাণ করেছে দলটি। ২০০’র ওপর স্ট্রাইকরেটে অভিষেক শর্মার ৩০৯ রান কিংবা কুলদ্বীপ ইয়াদাভের ৬ ইকোনোমিতে ১৩ উইকেট যেকোনো দলের জন্যই হতে পারে ভাবনার কারণ।

অন্যদিকে, পাকিস্তান মানেই যেন অনিশ্চয়তায় ভরা একটি দল। এক মূহুর্তে হতাশ করার পরেই যেন জন্ম দেয় নতুন কোনো বিস্ময়ের। বাংলাদেশের বিপক্ষে নিশ্চিত হারের মুখ থেকে ফিরে আসাই যেন সেই কথাটি মনে করিয়ে দেয়।

মাঠ হোক কিংবা মাঠের বাইরে; ভারত-পাকিস্তান মানেই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। সেখানে এশিয়া কাপের চার দশকের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে এমন দুই দলের লড়াই যেন মরুর বুকে সূর্যের খরতাপের মাত্রাকেও ছাপিয়ে যাবার অপেক্ষায়।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin