বাংলাদেশে সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্রের এফবিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নবনিযুক্ত প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে ঢাকায় এটিইউ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন দূতাবাসের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন— কেইস ফেরেল, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে, এফবিআই কলম্বো, শ্রীলঙ্কা। প্রতিনিধি দলে আরও ছিলেন— সুসান ফিনবি (এফবিআই স্টাফ-অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট), রবার্ট জে ক্যামেরন (এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে, ঢাকা) এবং মার্কিন দূতাবাসের পুলিশ লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম।
বৈঠকে এটিইউ’র বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। এ সময় এন্টি টেরোরিজম ইউনিটের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে পারস্পরিক সহযোগিতা ও যৌথভাবে কাজ করার আশ্বাস ব্যক্ত করে।