সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৩-১ সেটে হেরে টুর্নামেন্টে থেকে ছিটকে গেলো স্বাগতিকরা। এই জয়ে আফগানিস্তান ফাইনালে জায়গা করে নিয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথমে সেটেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয় দুই দল। তীব্র উত্তেজনাপূর্ণ এই সেটে ২৫-২৩ পয়েন্টে আফগানিস্তানকে হারিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। গ্যালারিতে থাকা স্বাগতিক দর্শকরা তখন উল্লাসে ফেটে পড়েন।
তবে দ্বিতীয় সেট থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে আফগানরা। হাড্ডাহাড্ডি লড়াই হলেও তারা ২৫-২০ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে ম্যাচে সমতা আনে। তৃতীয় সেটে আবারও উত্তেজনার সৃষ্টি হয়। কিন্তু শেষ মুহূর্তে ২৫-২৩ পয়েন্টে জয় তুলে নিয়ে ম্যাচে নিজেদের অবস্থান আরও দৃঢ় করে আফগানিস্তান। ম্যাচে টিকে থাকতে চতুর্থ সেটে বাংলাদেশের জয় ছাড়া কোনও বিকল্প ছিল না। কিন্তু সেই সেটও ১৯-২৫ পয়েন্টের ব্যবধানে হেরে যায় স্বাগতিকেরা।
টুর্নামেন্টে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা তিনটি করে ম্যাচ জিতলেও পয়েন্টের হিসেবে এগিয়ে থাকায় আফগানিস্তান ফাইনাল নিশ্চিত করেছে। ফাইনালে আফগানিস্তান মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।