নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সড়ক অবরোধ করেন তারা।
মঙ্গলবার (২১ অক্টোবর) লড়ির চাপায় এই সড়কে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হন। তার পরই নিরাপদ সড়কের দাবি তোলে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে– ফার্মগেটে সড়ক নিরাপদ রাখতে যান চলাচল নিয়ন্ত্রিত করা; সড়কে স্পিড ব্রেকার, ল্যাম্প পোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন করা।
তারা বলেন, বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় এই পথে শিক্ষার্থীরা চলাচল করে। অটোরিকশার কারণেও এ পথে চলতে সমস্যা পোহাতে হয়। সড়কটি নিরাপদ রাখতে যেন যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, অবৈধ দোকানের কারণে ফুটপাতে হাঁটা যায় না। আবার অটোরিকশার জন্য সড়কে নামা যায় না। তাই আমরা এই কর্মসূচিতে অংশ নিয়েছি।