ফেনীতে পুলিশকে পিটিয়ে অস্ত্র-আসামি ছিনতাই

ফেনীতে পুলিশকে পিটিয়ে অস্ত্র-আসামি ছিনতাই

ফেনীর সোনাগাজী উপজেলায় এক চিহ্নিত ডাকাতকে গ্রেফতার করার পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা পুলিশের একটি অস্ত্র ও ওয়্যারলেস সেটও লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম রিপন (৩৮) নামে এক চিহ্নিত ডাকাতকে সোনাগাজী মডেল থানার সহকারী উপপুলিশ পরিদর্শক সাইদুরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারের পর রিপনকে থানায় নিয়ে আসার পথে তার স্বজন ও স্থানীয়রা পুলিশের ওপর হামলা শুরু করে। এই হামলায় এএসআই সাইদুর রহমান, মোফাজ্জেল হোসেন সহ ৬ জন পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে তাদের অস্ত্র ও ওয়্যারলেস লুট করে নেয় এবং আসামি রিপনকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর সোনাগাজী মডেল থানার আরও পুলিশ সদস্য এবং জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান শুরু করে। পরে অভিযানে জাহেদুল ইসলাম রিপনকে পুনরায় গ্রেফতার করা হয়। এরপর তার দেখানো মতে, পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়্যারলেস সেটও উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জাহেদুল ইসলাম রিপনের বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি, অস্ত্র আইনের মামলা সহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন আছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/কেএএইচকে/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin