অবশেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো ব্রিটেন। রবিবার (২১ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
এক ভিডিও বার্তায় স্টারমার বলেছেন, শান্তি প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা পুনর্জীবিত করতে, মহান ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিচ্ছি।
এরমধ্যে দিয়ে শিল্পোন্নত জি সেভেন গোষ্ঠীর প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য। এখন লন্ডনের দেখানো পথ ধরে স্বীকৃতি দেওয়ার তালিকায় রয়েছে প্যারিস এবং অটোয়া। তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী, চলতি সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে দেশদুটি।
অবশ্য, বেশ কিছুদিন ধরেই যখন একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছিল, তখন থেকেই নাখোশ ছিল ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তো বলেই বসেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে মূলত হামাসকে তাদের ‘পাশবিক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য’ পুরস্কৃত করা হবে।
আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার আগে, একই দিন সকালে স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ উপ প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, স্বীকৃতি দিলেই কিন্তু রাতারাতি ফিলিস্তিন রাষ্ট্র গঠন হয়ে যাবে না। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো, ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা জিইয়ে রাখা।
তথ্যসূত্র: বিবিসি