ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে না রাখার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে না রাখার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত না করে ঢাকার সঙ্গেই রাখার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ‘জাগো শরীয়তপুর’ নামের একটি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে তা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এরপর ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

স্থানীয় লোকজন জানান, কয়েক দিন আগে সরকার নতুন দুটি বিভাগ করার ঘোষণা দেয়। একটি ফরিদপুর ও অন্যটি কুমিল্লা। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। ঘোষণার পর থেকেই শরীয়তপুরের কয়েকটি সংগঠন আন্দোলন শুরু করেছে।

২০১৫ সালেও ফরিদপুর বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া হলে শরীয়তপুরকে ঢাকা বিভাগের সঙ্গেই রাখার দাবিতে আন্দোলন করেছিল ‘জাগো শরীয়তপুর’। এবারও একই দাবিতে তারা রাস্তায় নামে। গত এক সপ্তাহ ধরে সংবাদ সম্মেলন, বিক্ষোভ, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবদের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। আজ দুপুর ১২টার দিকে কয়েক শ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। পরে চৌরঙ্গী মোড়ে সড়কের ওপর বসে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে জেলা ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্রশিবির, সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের দাবি, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম, আর ফরিদপুর তুলনামূলক দূরে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দাপ্তরিক কাজ ঢাকাকেন্দ্রিক। তাই ঢাকার সঙ্গেই থাকতে চায় শরীয়তপুরবাসী। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

‘জাগো শরীয়তপুর’-এর আহ্বায়ক আমিন মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ঢাকা বিভাগে যুক্ত থাকতে চাই। ভৌগোলিক অবস্থান ও দূরত্বের দিক থেকে ঢাকার কাছের জেলা শরীয়তপুর। আমাদের চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য ঢাকার সঙ্গে। তাই শরীয়তপুর জেলাকে কোনো অবস্থাতেই ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত হতে দেওয়া হবে না। আমাদের দাবি না মানা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে শরীয়তপুর জেলাকে না রাখার দাবিতে একটি সংগঠন আন্দোলন করেছে। তারা কিছু সময়ের জন্য সড়কে অবস্থান করেছিল। জনদুর্ভোগ সৃষ্টি হলে আমাদের অনুরোধে তারা সড়ক ছেড়ে দেয়।’

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin