ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা

ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ মামলায় আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত নামে আসামি করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

এতে প্রধান আসামি করা হয়েছে ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক ম ম সিদ্দিক মিয়াকে।  

মামলায় উল্লেখ করা হয়েছে, ঢাকা-খুলনা মহাসড়কের ওপর সুয়াদীতে সিসিবিএল পেট্রল পাম্পের সামনে ফরিদপুর-৪ আসন পুনবিন্যাসকে কেন্দ্র করে আসামি ম ম সিদ্দিক মিয়ার নেতৃত্বে পলাতক আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা রাস্তার ওপর সমবেত হয়। তারা রাস্তার ওপর বড় বড় গাছ ফেলে, টায়ারে অগ্নিসংযোগ করে ভয়ভীতি ও শক্তির মহড়া প্রদর্শন করে রাস্তায় বাস ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

পুলিশ তাদেরকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ ও বাধা নিষেধ করলে, তারা পুলিশের বাধা নিষেধ অমান্য করে মারমুখি অবস্থান নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাস্তা অবরোধকারী উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করার নিমিত্তে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে মৌখিক সতর্কতার পর ধাওয়া করলে আসামিরা দৌঁড়ে পালিয়ে যান। ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ৯০ জনের নাম উল্লেখ করে এবং আরও এক থেকে দেড়শ অজ্ঞাত নামা আসামিদের নামে মামলা করা হয়েছে। রোববার দুপুরের দিকে মামলাটি করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জাতীয় সংসদের ৩০০ আসনে সংসদীয় আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার  আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পরের দিন থেকে রেলপথ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করা হয়। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যহত হয়।

জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin