ফরিদপুরে দেশি অস্ত্রসহ বিএনপির সাবেক এক নেতা এবং মাদকসহ তাঁর জামাতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে যৌথ বাহিনী ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায় বিএনপির সাবেক নেতা নুরুল ইসলাম খান ওরফে নান্টুর (৬০) বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তাঁকে দেশি অস্ত্রসহ এবং তাঁর জামাতা মো. রায়হানকে (৩৭) ৭৩টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় নুরুল ইসলামের দেখানো জায়গা থেকে তিনটি চায়নিজ কুড়ালসদৃশ অস্ত্র, একটি ৩৬ ইঞ্চি লম্বা লোহার ছুরি উদ্ধার করা হয়। এদিন বিকেলেই তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার নুরুল ইসলাম খান ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ তথ্য নিশ্চিত করে জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া বলেন, নুরুল ইসলাম সদর উপজেলা বিএনপির পদেও ছিলেন। তাঁর জামাতা রায়হান চরকমলাপুর মহল্লার নিরু শেখের ছেলে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. হাসান সিকদার বলেন, মঙ্গলবার দুপুরে তিনি নুরুল ইসলাম খানের বিরুদ্ধে অস্ত্র আইনে ও তাঁর জামাতা রায়হানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছেন। মঙ্গলবার বিকেলে শ্বশুর ও জামাতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।