ফরিদপুরে রেলপথ-মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ফরিদপুরে রেলপথ-মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের করেছেন আন্দোলনকারীরা।  

এদিকে সকাল-সন্ধ্যা অবরোধের কারণে ঢাকা-খুলনা, ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড, হামিরদী, মুনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

এদিকে সড়ক ও রেলপথ অবরোধে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক সংখ্যক পুলিশ, এপিবিএন, সেনাবাহিনী মাঠে রয়েছেন।

জেলার চরভদ্রাসন-সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর- ৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে সংযুক্ত করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে আগামী তিন দিন ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করে তারা।

এ ছাড়া দাবি আদায়ে ভাঙ্গা উপজেলার বিভিন্নস্থানে কয়েক দফা মহাসড়ক অবরোধ থাকায় দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যান চলাচলে বিঘ্ন ঘটে। মহাসড়কের এই অংশ এড়িয়ে বিকল্প পথে যান চলাচল করায় সময় ও ভোগান্তি বাড়ছে সাধারণ যাত্রীদের। তাই অন্তর্বর্ন্তী সরকার ও নির্বাচন কমিশনের কাছে তাদের দুটি ইউনিয়নকে পূর্বের অবস্থায় ফেরত দিতে জোর দাবি জানান আন্দোলনকারীরা।

প্রসঙ্গত ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল আর নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ছিল ফরিদপুর-২ আসন। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক দিন ধরে ভাঙ্গায় একাধিকবার মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin