আনুষ্ঠানিকভাবে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ জয়ী জার্মানির সাবেক ডিফেন্ডার জেরোম বোয়াটেং।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিটের ভিডিও বার্তায় বিদায় জানান ৩৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। সেখানে তিনি বলেছেন, ‘আমি দীর্ঘ সময় খেলেছি, বড় বড় ক্লাব ও দেশের হয়ে মাঠে নেমেছি। এই সময়ে হার-জিতের পাশাপাশি শিখেছি এবং বেড়েও উঠেছি। ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। এখন বিদায় বলার সময় এসেছে—জোর করে নয়, বরং আমি প্রস্তুত বলেই।’
বোয়াটেং আরও বলেছেন, ‘আমার সতীর্থরা, সমর্থকরা, যারা আমাকে সমর্থন দিয়েছেন—সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার পরিবার ও সন্তানরা, যারা সবসময় পাশে থেকেছে।’
জাতীয় দলের হয়ে ৭৬ ম্যাচ খেলা বোয়াটেং গোল করেছেন সাকুল্যে একটি। ২০১৪ বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার বায়ার্ন মিউনিখের জার্সিতে জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগ (২০১৩ ও ২০২০) এবং টানা নয়টি বুন্দেসলিগা শিরোপা।
বার্লিনে জন্ম নেওয়া বোয়াটেংয়ের ফুটবলযাত্রা শুরু হার্থা বার্লিন একাডেমিতে। সেখানে তার সৎভাই কেভিন-প্রিন্স বোয়াটেংও খেলেছেন। এরপর হামবুর্গ ও ম্যানচেস্টার সিটিতে সংক্ষিপ্ত সময় কাটিয়ে যোগ দেন বায়ার্নে।
বোয়াটেং ২০২১ সালে বায়ার্ন ছাড়ার পর ফ্রান্সের লিঁও, ইতালির সালের্নিতানা ও অস্ট্রিয়ার এলএএসকের হয়ে খেলেছেন। চলতি বছরের আগস্টে এলএএসকের সঙ্গে চুক্তি বাতিল করেন তিনি।
ক্যারিয়ারের শেষ ভাগে সাবেক স্ত্রীর করা পারিবারিক সহিংসতার মামলায় আইনি জটিলতায় পড়েছিলেন। পর্যালোচনার পর আদালত তাকে সতর্কবার্তা ও স্থগিত জরিমানা দেন।