বিশাল বাহিনী নিয়ে বাড়িতে রীতিমতো তাণ্ডব চালিয়ে ১৩ বছরের কিশোর জেমি মিলালকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ছুরি দিয়ে নৃশংসভাবে সহপাঠী কেটিকে সে খুন করেছে! জেমি তো বটেই, ওর মা-বাবা, বড় বোন—সবাই হতবাক। থানায় নেওয়ার পর জেমি অভিযোগ অস্বীকার করে। তাকে সহায়তার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হয়, আসেন মনোবিদ। জেমি কি সত্যিই খুন করেছে—এমন প্রশ্ন নিয়ে এগিয়ে যায় গল্প। চলতি বছরের ১৩ মার্চ নেটফ্লিক্সে মুক্তির পরই সারা দুনিয়ায় হইচই ফেলে দেয় চার পর্বের ব্রিটিশ সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। ব্যাড প্যারেন্টিং, উগ্র পৌরুষবাদ, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে তৈরি সিরিজটি এবারের এমিতে আট শাখায় পুরস্কার পেয়েছে, এর মধ্যে ছয়টিই গুরুত্বপূর্ণ বিভাগে।
পুরস্কার গ্রহণ করে সিরিজটির সহস্রষ্টা ও অভিনেতা স্টিফেন গ্রাহাম বললেন, ‘আমরা ভাবিনি আমাদের ছোট্ট সিরিজ এত বড় প্রভাব ফেলবে।’ সিরিজে জেমির চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিল ১৫ বছর বয়সী ওয়েন কুপার। হাভিয়ের বারডেম, পিটার সার্সগার্ডের মতো হেভিওয়েট তারকাদের হারিয়ে সে লিমিটেড বা অ্যানথোলজি সিরিজে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছে। কুপারই এমির ইতিহাসে পুরস্কার পাওয়া কনিষ্ঠ অভিনেতা। পুরস্কার গ্রহণ করে ওয়েব কুপার বলে, ‘আসলে কী বলব, বুঝতে পারছি না। পরাবাস্তব অনুভূতি হচ্ছে। কয়েক বছর আগে যখন অভিনয়ের ক্লাস শুরু করি, ভাবিনি যুক্তরাষ্ট্রে আসব আর এমির মঞ্চে উঠব!’ মুক্তির পর প্রথম তিন মাসেই ১৪ কোটি বার দেখা হয়েছে সিরিজটি, এর সব পর্বই ওয়ান টেকে নির্মিত।
‘দ্য স্টুডিও’র রেকর্ডহলিউডকে ঘিরে সেথ রোগেনের ‘দ্য স্টুডিও’ কমেডি বিভাগে রেকর্ড গড়েছে। ব্যঙ্গাত্মক সিরিজটি ১৩টি এমি জিতে নিয়েছে, কমেডি শাখায় যা সর্বকালের সর্বোচ্চ। পরিচালনার পাশাপাশি সিরিজটিতে অভিনয়ও করেছেন রোগেন। কমেডি সিরিজ বিভাগে সেরা অভিনেতা ও যৌথভাবে সেরা পরিচালকের পুরস্কারও জিতেছেন। ‘আমাদের শো মূলত চাপ আর হতাশাকে ঘিরে তৈরি, কিন্তু এ মুহূর্তে আমরা সবাই খুশি,’ পুরস্কার জেতার পর প্রতিক্রিয়ায় বলেন রোগেন।
‘দ্য পিট’-এর জয়সেরা ড্রামা সিরিজ হিসেবে এমি রাতের শেষ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতেছে ‘দ্য পিট’। মেডিকেল ড্রামাটিতে দেখানো হয়েছে গর্ভপাতের অধিকার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংকট। প্রথমে আলোচনায় না এলেও মুখে মুখে জনপ্রিয় হয়ে ওঠে সিরিজটি। সিরিজটির জন্য নোয়া ওয়াইল জিতেছেন সেরা ড্রামা অভিনেতার পুরস্কার। তিনি বললেন, ‘আজ রাতে যাঁরা শিফটে যাচ্ছেন বা শিফট শেষ করে ফিরছেন, এ পুরস্কার আপনাদের।’ অনেকের ধারণা ছিল, এবারের আসরে সর্বোচ্চ ২৭টি মনোনয়ন পাওয়া সায়েন্স ফিকশন-থ্রিলার ‘সেভারেন্স’-কে হারানো কঠিন হবে। তবে সেরা অভিনেত্রী (ব্রিট লোয়ার) ও সেরা পার্শ্ব অভিনেতার (ট্রামেল টিলম্যান) পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সিরিজটিকে।
রাজনীতি এড়িয়ে চলার চেষ্টা ব্যর্থরাজনীতি এড়িয়ে চলার ঘোষণা দিলেও এমি রাতের অন্যতম আলোচিত মুহূর্ত ছিল ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’-এর জয়। প্রথমবারের মতো সেরা ভ্যারাইটি টক শোর পুরস্কার জিতল অনুষ্ঠানটি। ২০২৬ সালে অনুষ্ঠানটি শেষ হচ্ছে। ট্রাম্পকে প্যারামাউন্টের দেওয়া ১৬ মিলিয়ন ডলারের মীমাংসাকে আগেই ‘মোটা অঙ্কের ঘুষ’ আখ্যা দিয়েছিলেন কোলবার্ট। ট্রাম্প শো বন্ধ হওয়াকে নিজের জয় হিসেবে দেখালেও কোলবার্টের পাশে দাঁড়ায় হলিউড। সহকর্মী লেটনাইট হোস্টরা তাঁর এমি মনোনয়নকে সমর্থন করেন। পুরস্কার মঞ্চে কোলবার্ট বলেন, ‘কখনো কখনো কিছু হারানোর আশঙ্কা তৈরি না হলে বোঝা যায় না, সেটা আপনি কতটা ভালোবাসেন। ২০২৫ সালের সেপ্টেম্বরের আগে আমি কখনো এতটা মরিয়া হয়ে আমার দেশকে ভালোবাসিনি।’
পুরস্কার না পেয়েও এমির সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বের একজন হাভিয়ের বারদেম। গায়ে ফিলিস্তিনি রুমাল কেফিয়াহ জড়িয়ে এমির লালগালিচায় হাজির হন এই অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা। সেখানে প্রকাশ্যে বললেন, ‘গাজায় গণহত্যা চলছে, আমি সেই গণহত্যার নিন্দা করছি। আমি এমন কারও সঙ্গে কাজ করতে পারব না, যে এই গণহত্যাকে সমর্থন করে বা ন্যায্যতা দেয়।’ ‘হ্যাকস’ সিরিজের অভিনেত্রী হান্না আইনবাইন্ডার পুরস্কার নিতে গিয়ে বলেন, ‘ফ্রি প্যালেস্টাইন।’
ভিন্নধর্মী শর্তএমির উপস্থাপক কমেডিয়ান নেট আগাটসি বিজয়ীদের বক্তৃতা সংক্ষিপ্ত রাখার অভিনব উপায় বের করেন। আগাটসি ঘোষণা দেন, তিনি নিজের পকেট থেকে বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব অব আমেরিকাকে ১ লাখ ডলার অনুদান দেবেন। শর্ত হলো কেউ যদি ৪৫ সেকেন্ডের সময়সীমা ছাড়িয়ে যান, প্রতি সেকেন্ডে ১ হাজার ডলার কেটে নেওয়া হবে। সে অর্থই যাবে অনুদানে। আগাটসি মজা করে বললেন, ‘সাবধানে কথা বলুন। কারণ, খরচটা আমি দিচ্ছি।’
তারকা যুগলসেলেনা গোমেজ-বেনি ব্ল্যাঙ্কোর চলতি মাসেই বিয়ে করার কথা। তার আগে এমির লালগালিচায় আলো ছড়িয়েছেন এই তারকা যুগল। লাল পোশাকে হাজির হন সেলেনা। এ ছাড়া লালগালিচায় নজর কেড়েছেন কেট ব্লানচেট, সিডনি সুইনি, লিসা, জেনা ওর্তেগা, স্কারলেট জোহানসনসহ বড় তারকারা।
৭৭তম এমি অ্যাওয়ার্ডসড্রামা সিরিজ: ‘দ্য পিট’পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র্যান্ডাল, ‘স্লো হর্সেস (পর্বের নাম ‘হ্যালো গুডবাই’)অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া ওয়াইল, ‘দ্য পিট’অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার, ‘সেভারেন্স’কমেডি সিরিজ: ‘দ্য স্টুডিও’পরিচালক (কমেডি সিরিজ): সেথ রোগেন ও ইভান গোল্ডবার্গ, ‘দ্য স্টুডিও’ (পর্বের নাম ‘দ্য অনার’)অভিনেতা (কমেডি সিরিজ): সেথ রোগেন, ‘দ্য স্টুডিও’অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট, ‘হ্যাকস’লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: ‘অ্যাডোলেসেন্স’পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি, ‘অ্যাডোলেসেন্স’অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম, ‘অ্যাডোলেসেন্স’অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি, ‘দ্য পেঙ্গুইন’
তথ্যসূত্র: এএফপি, ভ্যারাইটি