২৪ ঘণ্টা না পেরোতেই দেশে আবারও ভূকম্পন অনুভূত হলো। এবার গাজীপুরের বাইপাইলে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়।
বাংলাদেশ আবহওয়া অধিদফতরের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহাম্মদ সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ১০ ঘন্টা ৩৬ মিনিট ১২ সেকেন্ড অনুভূত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল অক্ষাংশ ২৩ দশমিক ৯৬০ উত্তর, দ্রাঘিমা ৯০,৫৯° পূর্ব (গলাশ, নরসিংদী)। উৎপত্তিস্থল হতে দূরত্ব ২৯ কিলোমিটার (ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ঢাকা হতে উত্তর-পূর্ব দিকে)। রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি ছিল মৃদু শ্রেণির।
এর আগে শুক্রবার সকালে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।