গাজীপুরে ডাকাতির ঘটনায় জয়নাল (৪৩) নামে আরও এক জনকে গ্রেফতার করেছে সিআইডি গাজীপুর মেট্রো ও জেলা ইউনিট। বুধবার (৮ অক্টোবর) রাতে সিআইডির বিশেষ অভিযানে গাজীপুরের বাসন থানার তালতলা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সিআইডি সূত্রে জানা গেছে।
জসীম উদ্দিন খান জানান, গত ২ অক্টোবর গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় এরই মধ্যে ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরপরই সিআইডি ছায়া তদন্ত শুরু করে এবং দ্রুত তৎপরতায় ৪৮ ঘণ্টারও কম সময়ে ঘটনার রহস্য উদঘাটন করে। ৪ অক্টোবর ডিএমপির সবুজবাগ থানার নন্দীপাড়া এলাকা থেকে মনিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোন, ছয়টি ককটেল, ১১টি টর্চলাইট ও একটি কাটার উদ্ধার করা হয়েছে।
তদন্তে জানা গেছে, ডাকাতরা ওই রাতে ধীরাশ্রম এলাকার মো. আব্দুল সোবহানের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রসহ সজ্জিত অবস্থায় পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে প্রায় ৩০ মিনিট ধরে লুটপাট চালায়। তারা স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ আনুমানিক ২২ লাখ ৭৬ হাজার ৫৭৫ টাকার মালামাল লুট করে এবং পরিবারের কয়েকজন সদস্যকে শারীরিকভাবে আহত করে।
সিআইডি জানায়, বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম সিআইডি গাজীপুর মেট্রো ও জেলা ইউনিট পরিচালনা করছে। জয়নালকে আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন এবং অন্যান্য সদস্যদের গ্রেফতারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।