গাজীপুরে দুর্গাপূজায় ৩৬ লাখ টাকা অনুদান দিলো সিটি করপোরেশন

গাজীপুরে দুর্গাপূজায় ৩৬ লাখ টাকা অনুদান দিলো সিটি করপোরেশন

গাজীপুর মহানগরে দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সিটি করপোরেশনের (জিসিসি) পক্ষ থেকে ৪৫ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুর্গাপূজার জন্য ১২১টি পূজামণ্ডপে প্রতিটিতে ৩০ হাজার টাকা করে মোট ৩৬ লাখ ৬০ হাজার টাকার চেক দেওয়া হয়। এরমধ্যে অঞ্চল-৪ এর ২২টি পূজামণ্ডপের চেক প্রশাসক সরফ উদ্দিন আহমেদ নিজ হাতে বিতরণ করেন। বাকিগুলো আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে হস্তান্তর করা হয়।

এছাড়া লক্ষ্মীপূজা উপলক্ষে মহানগরের ৫০টি মন্দিরে প্রতিটিতে ১৫ হাজার টাকা করে মোট সাত লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

বুধবার গাজীপুর সিটি করপোরেশনের বর্তমান মেয়াদের ১১তম মাসিক সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান, সচিব আমিন আল পারভেজ, ডিডিএলজি আহাম্মেদ হোসেন ভূঁইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, সুদীপ বসাক, হাসিবুল ইসলাম, ফাইন্যান্স কর্মকর্তা রুবেল মাহমুদ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় প্রশাসক বলেন, ‘গাজীপুর মহানগরের প্রতিটি নাগরিকের জীবনে আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। বর্তমানে ১০৩টি প্যাকেজে ১৪৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন। এসব প্রকল্পের মাধ্যমে নগরীর রাস্তাঘাট, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও জনসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। আশা করি, ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করতে পারবো। তখন নাগরিকরা উন্নয়নের সুফল প্রত্যক্ষভাবে ভোগ করতে পারবেন।’

সভা শেষে প্রশাসক সরফ উদ্দিন আহমেদ পুবাইল এলাকার মেঘডুবি-মাজুখান সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। তিনি জানান, সিটি করপোরেশনের প্রতিটি উন্নয়ন প্রকল্প হবে স্বচ্ছ, টেকসই এবং জনগণের প্রত্যাশা পূরণের উপযোগী।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin