গাজীপুরে ফের ঘোড়ার মাংস বিক্রি, কসাইকে জরিমানা

গাজীপুরে ফের ঘোড়ার মাংস বিক্রি, কসাইকে জরিমানা

গাজীপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে শফিকুর রহমান নামের এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এ জরিমানা করা হয়।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহীন মিয়া জানান, দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ এলাকায় ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছিলেন কসাই শফিকুর রহমান। বিষয়টি জানাজানি হলে অভিযান চালিয়ে জেলা প্রশাসন ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধ করে দেয়। ভবিষ্যতে আর ঘোড়ার মাংস বিক্রি করবেন না মর্মে অঙ্গীকার নেওয়া হয়। তবে ২-৩ মাস ধরে ফের ঘোড়ার মাংস বিক্রি শুরু করেন শফিকুর।

সোমবার সকালে ঘোড়া জবাই করে বিক্রি করতে দেখে স্থানীয়রা পূবাইল থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুর রহমানকে আটক এবং মাংস ও ১০-১২টি ঘোড়া জব্দ করে।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কসাই শফিকুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কসাই শফিকুরের নেতৃত্বে একটি চক্র প্রতিদিন ১০-১৫টি ঘোড়া জবাই করে গাজীপুর ও ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় মাংস বিক্রি করছে। রেস্তোরাঁগুলোতে এই মাংস গরুর মাংস বলে বিক্রি হচ্ছে। স্থানীয় একজন রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় তিনি ওই ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin