গাজীপুরের মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে টিনশেড কলোনির অন্তত ১০০ ঘর পুড়ে গেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কলোনির বাসিন্দারা জানিয়েছেন, বিকালে রুমেল পাঠানের টিনশেড কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রথমে নেভানোর চেষ্টা করেন। তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রথমে কোনাবাড়ীর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।
কলোনির বাসিন্দা পোশাকশ্রমিক শাহ আলম বলেন, ‘আমি কাজ ছিলাম। হঠাৎ ফোন আসে বাসায় আগুন লেগেছে। গিয়ে দেখি ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে।’
আরেক পোশাকশ্রমিক রহিমা বেগম বলেন, ‘মাত্র কয়েকদিন আগে বেতন পেয়েছি। বেতনের সব টাকা ঘরে ছিল। এখনও বাড়িতে টাকা পাঠাইনি। সব পুড়ে গেলো। এখন কী করবো কিছুই বুঝতে পারছি না।’
কলোনির মালিক রুমেল পাঠান বলেন, ‘আমার টিনশেড কলোনির ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোনও ঘরের মালামাল বের করা সম্ভব হয়নি। আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এসব ঘরে থাকতো। তাদের সবার ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘প্রথমে মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট নিয়ন্ত্রণে যোগ দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’