গাজীপুরে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫

গাজীপুরে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫

গাজীপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ বিষয়টি জানিয়েছেন।

এর আগে ২ অক্টোবর জয়দেবপুর, শ্রীপুর এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার ইমরান হোসেন (২২), জয়দেবপুর থানার ভবানীপুর এলাকার আশিকুল ইসলাম (১৯), গাজীপুর মহানগর সদর থানার দক্ষিণপাড়া এলাকার মেহেদী হাসান ইমন (২৩), তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের শাহরিয়ার রহমান সাদাফ (২২) এবং কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নতুন বাজার এলাকার মোজাম্মেল হাসান রোমান (২২)।

ডিবির পরিদর্শক হাসমত উল্লাহ বলেন, ‘২ অক্টোবর রাতে ভবানীপুর বাজারে অভিযান চালিয়ে ইমরান হোসেন, আশিকুল ইসলাম এবং মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানান, তাদের কাছে থাকা অস্ত্র ও গুলি বিশেষ কাজের কথা বলে শাহরিয়ার রহমান ও মোজাম্মেল হক নিয়ে গেছেন। তাদের তথ্যের ভিত্তিতে ভালুকার গোলাম রব্বানীর বাড়িতে অভিযান চালিয়ে শাহরিয়ার ও মোজাম্মেলকে গ্রেফতার করা হয়। পরে শাহরিয়ার জানান, অস্ত্র ও গুলি শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজার এলাকায় তার খালু আব্দুল খালেকের বাড়িতে লুকিয়ে রেখেছেন। ৩ অক্টোবর দুপুরে কাওরাইদ বাজারে তার খালুর বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসব অস্ত্র ও গুলির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা।’

তিনি আরও বলেন, ‘গাজীপুরের বিভিন্ন থানায় মেহেদীর বিরুদ্ধে তিনটি এবং ইমরানের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজি, জোরপূর্বক অবৈধভাবে জমি দখল, খুন-জখমের হুমকিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin