গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকা থেকে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতির ভাই তসলিম সিরাজ ও তার ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়।

আটক  হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মুশফিক (২৭) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাওজোড় এলাকায়  অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি , ২টি লোহার হাসুয়া,৫টি  রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও গাঁজা উদ্ধার করা হয়েছে।পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়। 

বাসন থানার ওসি শাহীন খান বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin