পুলিশের বাধার কারণে এবার পুরান ঢাকার গেন্ডারিয়াতেও ‘শরৎ উৎসব ১৪৩২’ আয়োজন করতে পারেনি সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উৎসবটি করার কথা থাকলেও, ‘অনেকের কাছ থেকে আপত্তি আসায়’ কর্তৃপক্ষ থেকে আয়োজনে বাধা আসে। শেষ মুহূর্তে ‘গোলযোগ’ হওয়ার শঙ্কাকে কারণ দেখিয়ে চারুকলা কর্তৃপক্ষ ভেন্যু বরাদ্দ বাতিল করে, ফলে সেখানে উৎসবটি করা সম্ভব হয়নি।
পরে আয়োজকেরা উৎসবটি একই সময়ে গেন্ডারিয়ার কচিকাঁচার মেলার মাঠে আয়োজন করার ঘোষণা দেয়। সেখানে ‘অনুমতি না থাকার’ কথা জানিয়ে পুলিশের পক্ষ থেকে থেকে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
ফলে এই উৎসব আয়োজনে ১৯ বছরের ধারাবাহিকতায় ছেদ পড়লো বলে জানিয়েছেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
তিনি বলেন, ‘আমরা চারুকলার বকুলতলায় ১৯ বছর ধরে এই উৎসবটি করে আসছি। কোভিড মহামারী ছাড়া কোনও বছরই উৎসবটি বন্ধ হয়নি। এবার করতে পারলাম না।’
তবে উৎসবটি করতে না পারলেও জাতীয় সংগীত পরিবেশন, শিশুদের চিত্রাংকন এবং প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্মৃতির প্রতি এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে আয়োজনটি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘গেন্ডারিয়াতে শরৎ উৎসব করার ব্যাপারে কোনও পূর্ব-অনুমতি নেওয়া হয়নি।’
মানজার চৌধুরী বলেন, ‘আমরা চারুকলার বকুলতলায় উৎসবটি করার জন্য পুলিশের অনুমতি নিয়েছিলাম। চারুকলা কর্তৃপক্ষকে ২৬ হাজার টাকা ভেন্যু বরাদ্দ বাবদ ভাড়াও পরিশোধ করেছি। কিন্তু আগের রাতে আমাদের কোনও কারণ ছাড়াই চারুকলায় ভেন্যু বরাদ্দ বাতিল করা হয়েছে। সেখানে অনুষ্ঠানটি করতে না পেরে আমরা গেন্ডারিয়াতে উৎসবটি করতে চেয়েছি। এখানেও পুলিশ এসে বন্ধ করে দিয়েছে।’