ঘরে বসে ‘বাজারদর’ অ্যাপে নিত্যপণ্যের দাম জানবেন যেভাবে

ঘরে বসে ‘বাজারদর’ অ্যাপে নিত্যপণ্যের দাম জানবেন যেভাবে

নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। তবে কোনদিন কোন পণ্যের কত দাম তা যাচাই করা মুশকিল বটে। বিশেষ করে সাধারণ মানুষের। কারণ বাজারে গিয়ে হয়তো আপনি কয়েক দোকান ঘুরে পেঁয়াজ, কাঁচামরিচ, সবজি কিংবা মাছ মাংসের দাম যাচাই করলেন। কিন্তু দেখবেন তা খুব কাছাকাছিই থাকে। কিন্তু আসলে আজ এই নিত্যপণ্যগুলোর দাম কত তা জানার সুযোগ কোথায়।

তবে এবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ও হালনাগাদ দাম জানাতে ‌‘বাজারদর’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন শতাধিক পণ্যের দাম জানতে পারবেন ব্যবহারকারীরা।

প্রতিদিন বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক দাম জানার ক্ষেত্রে এখন থেকে আপনার আর কোনো দ্বিধা থাকবে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এনেছে ‘বাজারদর’ অ্যাপ। গুগল প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করে প্রতিদিনের বাজারদর জানতে পারবেন এবং সচেতন হবেন।

অ্যাপটির বৈশিষ্ট্য সম্পর্কে জানানো হয়, এতে দুটি প্রধান বিভাগ রয়েছে। সেগুলো হলো ‘খাদ্যসামগ্রী’ এবং ‘অন্যান্য’। খাদ্যসামগ্রী বিভাগে চাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি, লবণ, ডাল, আলু, মসলা, মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি এবং ফলের দাম প্রতিদিন হালনাগাদ করা হবে। চালের পাঁচটি ভিন্ন ধরন (সরু, মাঝারি, মোটা, সুগন্ধি, কাটারিভোগ), বিভিন্ন ধরনের ডাল (মসুর, মুগ, অ্যাংকর), এবং আলু (ডায়মন্ড, লাল, হল্যান্ড, মিষ্টি) এর দাম আলাদাভাবে জানা যাবে। মসলার মধ্যে দেশি পেঁয়াজ, রসুন, আদা, জিরা, এলাচসহ প্রায় সব ধরনের মসলার দাম এখানে পাওয়া যাবে। মাছ ও মাংসের ক্ষেত্রে রুই, কাতল, ইলিশ, চিংড়ি, মুরগি, হাঁস, কবুতরসহ বিভিন্ন পণ্যের দাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে অন্যান্য বিভাগে জ্বালানি পণ্যের দাম হালনাগাদ করা হবে। এতে ১২ কেজি, ৩০ কেজি ও অন্যান্য ওজনের এলপিজি গ্যাস, ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোলের দাম জানা যাবে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অ্যাপটি অফলাইনে ব্যবহারের সুবিধাও রয়েছে। অর্থাৎ ফোনে ইন্টারনেট না থাকলেও আপনি অ্যাপ থেকে নিত্যপণ্যের দাম জেনে নিতে পারবেন।

আরও পড়ুনসোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেওপানি ছাড়াও যেসব কারণে স্মার্টফোন নষ্ট হতে পারে

কেএসকে/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin