ঘটনার যথাযথ তদন্ত ও হতাহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ দাবি

ঘটনার যথাযথ তদন্ত ও হতাহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ দাবি

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় অনুমোদনহীন রাসায়নিক গুদাম ও পাশের পোশাককারখানায় অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিক নিহত ও বহু আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে।

পাশাপাশি, সংস্থাটি এই অগ্নিকাণ্ডে আহত শ্রমিকসহ নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, ঘটনার যথাযথ তদন্ত এবং দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

গণমাধ্যম সূত্রে বিলস জানায়, আবাসিক এলাকায় অনুমোদনহীনভাবে ওই রাসায়নিক গুদাম ও পাশে একটি পোশাককারখানার ওয়াশিং ইউনিট পরিচালনা করা হতো। কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এ ধরনের কারখানা পরিচালনা করা বেআইনি এবং এসব কারখানা পরিচালনাকারী ব্যক্তিসহ তাদের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। পাশাপাশি, পোশাককারখানার ওয়াশিং ইউনিটের ছাদের সিঁড়িতে তালা থাকায় শ্রমিকরা বের হতে পারেননি বলে জানা গেছে। এ ধরনের কার্যকলাপ কেবল বেআইনিই নয়, বরং চরম মানবাধিকার লঙ্ঘন।

সংস্থাটি জানায়, সাম্প্রতিক সময়ে রাসায়নিক বিস্ফোরণে বড় ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। অথচ কোনো ঘটনারই উপযুক্ত বিচার ও শাস্তি চোখে পড়েনি। এছাড়া, রানা প্লাজা হত্যাকাণ্ড কিংবা তাজরীন অগ্নিকাণ্ড ইত্যাদি ঘটনায় এখন পর্যন্ত কারও কোনো শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা দিন দিন বেড়েই চলছে, আর অসাধু মানুষের লোভের বলি হচ্ছে অসহায় শ্রমজীবী মানুষ। শিল্পকারখানায় সংঘটিত এসব দুর্ঘটনার যথাযথ তদন্ত, দায়ী ব্যক্তিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বিলস।

এসব ঘটনায় নাগরিক সমাজ বিশেষভাবে ট্রেড ইউনিয়ন, শ্রমিক অধিকার ও মানবাধিকার সংগঠনের সম্পৃক্ততায় তদন্ত পরিচালনার দাবিও বিলসের পক্ষ থেকে জানানো হয়েছে।

একিউএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin