ঘুষের টাকাসহ সহকারী রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষের টাকাসহ সহকারী রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার

দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম কাস্টমস হাউস, চট্টগ্রামে সফল ফাঁদ অভিযান পরিচালনা করে সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় এবং তার সঙ্গী মাইনুদ্দীনকে ঘুষের ৩০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদক সূত্রে এতথ্য জানা গেছে।

দুদক জানায়, অভিযোগ ছিল হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজ-এর প্রোপাইটর আমির হোসেন জাপান থেকে আমদানি করা BREAK ACRYLIC MIXED PLASTIC WASTE AND SCRAP (মূল্য ৬,৪২৮.১০ মার্কিন ডলার, HS Code: 3915.90.00) ছাড়করণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন ইচ্ছাকৃতভাবে হয়রানি করে নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং টাকা না দিলে পণ্য ছাড়করণে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকি দেন।

ওই হুমকির প্রেক্ষিতে হোমল্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রির প্রোপাইটার আমির হোসেন রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতিমূলক ঘুষ দাবির বিষয়টি দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম কার্যালয়কে অবহিত করেন। কমিশনের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ সংশ্লিষ্ট আইন ও বিধির আলোকে ঘুষ দাবিকারী শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তাদের হাতেনাতে গ্রেপ্তারের উদ্যোগ নেয়।

অভিযানকালে দুদকের বিশেষ টিম অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে ঘুষ লেনদেন পর্যবেক্ষণ করে। এ সময় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় এবং তার সঙ্গী মাইনুদ্দীনকে ঘুষের ৩০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের অনুমোদনক্রমে দুদক চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ের উদ্যোগে ওই ফাঁদ অভিযান সফলভাবে পরিচালিত হয়।

অভিযান শেষে আলামতের জব্দ তালিকা প্রণয়ন, সাক্ষীদের বক্তব্য গ্রহণসহ সকল আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে মামলা রুজু করে গ্রেপ্তারদের থানায় সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকালে অপরাধে জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসএমএকে/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin