‘গণশুনানির মাধ্যমে নাগরিক ও সরকারের মধ্যে আস্থা তৈরি হয়’

‘গণশুনানির মাধ্যমে নাগরিক ও সরকারের মধ্যে আস্থা তৈরি হয়’

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেছেন, গণশুনানি মূলত সরকারি কার্যক্রমে জনগণের মতামত গ্রহণের একটি কার্যকর পদ্ধতি। এর মাধ্যমে কর্মকর্তাদের জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিক ও সরকারের মধ্যে আস্থা তৈরি হয়। সরকারি অফিসকে জনবান্ধব ও গতিশীল করার বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে গণশুনানি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে আয়োজিত ‘গণশুনানি ২০২৫’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান বলেন, “গ্যাস শুধু একটি জ্বালানি নয়—এটি আমাদের ঘরের আলো, রান্নার চুলা ও শিল্পের উৎপাদন শক্তি। এই জাতীয় সম্পদ যেন নিরাপদে ও সুষ্ঠুভাবে ব্যবহৃত হয়, সেটি আমাদের সবার দায়িত্ব।”

তিনি সতর্ক করে বলেন, “গ্যাস অপচয় বা চুরি হলে ক্ষতি শুধু সরকারের নয়, বরং প্রতিটি নাগরিকের। এক ইউনিট গ্যাসের অপচয় মানে অন্য একটি পরিবারের অধিকার বঞ্চিত হওয়া।”

গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনও লিকেজ বা অনিয়ম দেখলে তা দ্রুত অফিসে জানাবেন। আমরা চাই জালালাবাদ গ্যাস অফিস হোক জনগণের অফিস, যেখানে অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, প্রতিটি গ্রাহক নিজেকে মূল্যবান মনে করেন।”

তিনি জোর দিয়ে বলেন, “জালালাবাদ গ্যাস স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। আমরা সবাই এই দেশের নাগরিক এবং এই সম্পদের যৌথ মালিক। গ্যাস খাতকে টেকসই, সাশ্রয়ী ও নিরাপদ রাখতে হলে সরকার, প্রশাসন ও জনগণ—এই তিন পক্ষকেই একসঙ্গে কাজ করতে হবে।”

সহকারী প্রকৌশলী (আইটি শাখা) মোহাম্মদ ফাহিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (ভিজিল্যান্স) এম. নাসিমুল আলীম, পেট্রোবাংলার প্রতিনিধি (পরিকল্পনা কৌশল ও রিসোর্সেস মবিলাইজেশন) প্রকৌশলী বিশ্বজিৎ সাহা, মহাব্যবস্থাপক প্রকৌশলী লিটন কাজী, কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (অর্থ) সুনীল কুমার বৈষ্ণব, মহাব্যবস্থাপক (রাজস্ব) মো. মীর মোশারফ হোসেনসহ জেজিটিডিএসএলের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়া সিলেট জেলা প্রেসক্লাব ও সিলেট প্রেসক্লাবের নেতারা, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গ্রাহকরা সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin