গণভোটের সময় নিয়ে অনৈক্য, উদ্বেগ এবি পার্টির

গণভোটের সময় নিয়ে অনৈক্য, উদ্বেগ এবি পার্টির

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সবশেষ বৈঠক শেষে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গণভোটের সময় নির্ধারণ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি এই বিষয়ে রেফারি বা থার্ড আম্পায়ার হিসেবে কমিশনকে দ্রুত একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, গণভোটের মতো মৌলিক বিষয়ে ঐকমত্য থাকলেও তা কখন অনুষ্ঠিত হবে, সাধারণ নির্বাচনের একই দিনে নাকি আগে, এই নিয়ে দলগুলোর মধ্যে ‘সিরিয়াস ভিন্নমত’ দেখা দিয়েছে।

তিনি বলেন, মৌলিক জায়গায় তো আমাদের দ্বিমত নাই। অর্থাৎ আমরা একমত হয়েছি, আমরা একমত হয়েছি মাঠে আমরা খেলব। এখন খেলাটা তিনটায় খেলব না পাঁচটায় খেলব—এটা হচ্ছে পার্থক্য।

মঞ্জু বলেন, বিএনপি, জামায়াত এবং এনসিপিকে সরকারের অংশ হিসেবে বিবেচনা করে তাদের জাতিসংঘের সফরে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি, এই উপায়ে কিছু কিছু শক্তি বা ব্যক্তি আছেন তারা আসলে বিভেদ চায়, অনৈক্য চায় এবং একটা হাঙ্গামা বিপর্যয় চায়। দুর্ভাগ্যজনক হচ্ছে যে, আমাদের এই ইগো সংকটের কারণে মনে হচ্ছে পরোক্ষভাবে আমরা ওই সীমান্তের ওপারের ইচ্ছাটাকেই প্রাধান্য দিচ্ছি।

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, গণভোট ছাড়াও জুলাই সনদের আইনি ভিত্তি ‘সংবিধান আদেশ’ হবে নাকি ‘অধ্যাদেশ’ হবে বা ‘জুলাই সনদের আদেশ’ হবে এই নিয়েও অহেতুক বিরোধ তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, যাই বলেন দেখাতে হবে একটা জিনিস আপনি লাঞ্চই করবেন, সেটা মাছ দিয়ে করবেন না মাংস দিয়ে করবেন না শাক দিয়ে করবেন। আমরা বলেছি—ভাই, যেটাই লিখেন কথা তো একটাই, তাহলে এটাতে আমরা একমত হলে অসুবিধা কী? 

দ্রুত ‘সংবিধান আদেশ’ অথবা ‘জুলাই সনদের আদেশ’ এর মাধ্যমে বিষয়টি সুরাহা করার ওপর জোর দেন মজিবুর রহমান মঞ্জু।

গণভোটের সময় প্রসঙ্গে নিজের দলের অবস্থান পরিষ্কার করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, শুরুতে আমরা সাধারণ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠানের প্রস্তাবে আপত্তি না করলেও, এখন যেহেতু এই নিয়ে ভিন্নমত এসেছে এবং যুক্তি রয়েছে, তাই আমরা এই বিষয়ে নমনীয় নীতিতে যাব।

তিনি বলেন, আমরা এই জায়গায় একটা নমনীয় নীতি ধারণ করি যে, আমাদের যেটা আমরা আগে বলেছিলাম সেটার থেকে আমরা যদি ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দেয় যে, না আগের দিন হবে তাতেও আমরা একমত থাকব। কারণ এটা নিয়ে বিতর্ক তুলে টোটাল প্রসেসটাকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই না।

মঞ্জু বলেন, গণভোট হচ্ছে ‘থার্ড আম্পায়ার’। জনগণের অভিপ্রায়কে মেনে নিলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, জনগণই তাকে প্রত্যাখ্যান করবে।  

তিনি বলেন, এনাফ আলোচনা হয়েছে, এনাফ মতামত আমরা নিয়েছি, আপনারা এটা যেভাবে হোক একটা সমাধান দিয়ে দেন। মানুষ এটাকে সাপোর্ট করবে বলে আমরা বিশ্বাস করি।

এমইউএম/ইএসএস/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin