গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও পেট্রলবোমা নিক্ষেপ

গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও পেট্রলবোমা নিক্ষেপ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকার রিসোর্টটি থেকে অবিস্ফোরিত অবস্থায় দুটি পেট্রলবোমা উদ্ধার করা হয়।

প্রায় পাঁচ মাস আগেও নিসর্গ রিসোর্টে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রিসোর্টের নিরাপত্তাকর্মী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিসোর্টের সীমানাপ্রাচীরের ভেতরে বুধবার ভোরে পেট্রলবোমাসদৃশ দুটি বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কাচের বোতল দুটি উদ্ধার করে। পুলিশের ধারণা, এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে রাতের কোনও একসময় দুর্বৃত্তরা বাইরে থেকে বোতলগুলো ভেতরে নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি।

কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, ‌‘মুখে স্কচটেপ পেঁচানো বোতল দুটির ভেতরে কেরোসিনজাতীয় দাহ্য পদার্থ ছিল। দুর্বৃত্তরা সেগুলো রিসোর্টে নিক্ষেপ করলেও বিস্ফোরিত না হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও এই রিসোর্টে একই ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় করা মামলাটি এখনও তদন্তাধীন আছে।’

প্রসঙ্গত, গত ২৬ মে মধ্যরাতে একই রিসোর্টের ভেতরে দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে গেলে কর্তব্যরত আনসার সদস্যরা নেভাতে সক্ষম হন। সে সময় ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে বাঁধা তরল পদার্থভর্তি কাচের বোতল, ভাঙা কাচ ও একটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। পরে রিসোর্টের ডিউটি অফিসার অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin