‘সবার জন্য গুণগত পরিসংখ্যান ও তথ্য’ প্রতিপাদ্যে বাংলাদেশে পালিত হলো ‘আন্তর্জাতিক ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫’। এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে একটি উচ্চপর্যায়ের বহুপক্ষীয় সংলাপ। যেখানে নীতিনির্ধারক, একাডেমিক ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও পরিসংখ্যান ও তথ্যপ্রযুক্তি বিভাগের (এসআইডি) সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এই সংলাপের আয়োজন করে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “পরিসংখ্যান তখনই অর্থবহ, যখন তা সঠিক, স্বচ্ছ ও সহজপ্রাপ্য হয়। গুণগত তথ্যের মাধ্যমেই আমরা জনআস্থা গড়ে তুলি ও নীতি নির্ধারণ করি।”
বিশেষ অতিথি ইউএনডিপি বাংলাদেশের উপ-বাস্তবায়ন প্রতিনিধি সোনালি দয়ারত্নে বলেন, “বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক তথ্যই হলো গতিশীল ও টেকসই উন্নয়নের ভিত্তি।”
তিনি আরও বলেন, “বিবিএসের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন, সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জনআস্থা জোরদারে সরকারের দীর্ঘমেয়াদি যাত্রায় অংশীদার হতে পেরে ইউএনডিপি গর্বিত।
বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, “গুণগত তথ্যের জন্য প্রয়োজন গুণগত প্রতিষ্ঠান, সুশাসন, নেতৃত্ব ও সহজপ্রাপ্যতা— যাতে পরিসংখ্যান বাস্তব অর্থে সরকারি ও বেসরকারি সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। আমাদের সম্মিলিত লক্ষ্য হওয়া উচিত— গুণগত পরিসংখ্যান দিয়ে গুণগত সিদ্ধান্ত।”
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ বিভাগ) ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ বিভাগ) ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “পরিসংখ্যানের কাজ বাস্তবতা দেখানো— তা ব্যাখ্যা করা নয়। তথ্যকে থাকতে হবে নিরপেক্ষ। যাতে নানা ব্যাখ্যা ও সিদ্ধান্তের জন্য জায়গা থাকে।”
সংলাপে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব আলেয়া আক্তার। তিনি সরকারি পর্যায়ে পরিসংখ্যানের গুণগত মান, স্বচ্ছতা ও সহজপ্রাপ্যতা বৃদ্ধিতে টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আলোচনার অংশ হিসেবে সংলাপে একটি প্যানেল সেশনও অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী প্রতিনিধি আনোয়ারুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জাফর আহমেদ খান, এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ড. সৈয়দ শাহাদাত হোসেন। আলোচনাটি সঞ্চালনা করেন পরিসংখ্যান ও তথ্যপ্রযুক্তি বিভাগের যুগ্মসচিব ড. দীপঙ্কর রায়।
অনুষ্ঠানে ড. হোসেন জিল্লুর রহমানের নেতৃত্বে গঠিত স্বাধীন টাস্কফোর্সের প্রতিবেদন “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) শক্তিশালীকরণ” প্রকাশ করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি উন্মোচন করেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে এর কয়েকটি সুপারিশ বাস্তবায়ন শুরু করেছে।