গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে: যুবশক্তির আহ্বায়ক

গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে: যুবশক্তির আহ্বায়ক

তুরাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা কে এম মামুনুর রশীদকে অপহরণের ঘটনাকে ‘গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে’ বলে মন্তব্য করেছে জাতীয় যুবশক্তি। একইসঙ্গে জড়িতের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

তিনি বলেন, ‘গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে। দায় চাপানোর অপরাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন: জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তির গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য একটি গুপ্ত মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এরআগে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নিখোঁজ হন তুরাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা কে এম মামুনুর রশীদ। তার খোঁজে সর্বশক্তি নিয়োগ করেন এনসিপি ও যুবশক্তির স্থানীয় নেতাকর্মীরা। তারা কয়েকবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এরপরও তার বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছিল না। এ ঘটনার তিন দিন পর শুক্রবার দুপুর ২টার দিকে পূর্বাচলের ৩০০ ফুট সড়ক এলাকার একটি জামে মসজিদ থেকে তাকে উদ্ধার করে তুরাগ থানা–পুলিশ।

মামুনুর রশীদের নিখোঁজের সঙ্গে এনসিপি ও জাতীয় যুবশক্তি জড়িত দাবি করে একটি অসাধু মহল সুপরিকল্পিতভাবে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালায়।

সংবাদ সম্মেলনে যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদবিরোদী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে। অপতৎরপতাকারীদের খুঁজে বের করে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

পাশাপাশি যারা এনসিপি ও যুবশক্তির মানহানি করেছেন, তাদের বিরুদ্ধে শনিবার (২৭ সেপ্টেম্বর) মামলা করা হবে বলে জানান তারিকুল ইসলাম।

এনএস/এসআর

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin