সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে তুর্কমেনিস্তান। রবিবার (২৬ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই ম্যাচে তুর্কমেনিস্তান ৩-২ সেটে বাংলাদেশকে হারায়।
ম্যাচের প্রথম সেটেই ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। একসময় বাংলাদেশ ২৪-২১ পয়েন্টে এগিয়ে থাকলেও, সেখান থেকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় তুর্কমেনিস্তান। ২৬-২৪ পয়েন্টের ব্যবধানে তারা প্রথম সেট জিতে নেয়।
তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ায় স্বাগতিক বাংলাদেশ। ২৫-১৭ পয়েন্টে জয় পেয়ে সেটে সমতা ফেরায় তারা। এরপর তৃতীয় সেটে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তুর্কমেনিস্তান, ২৫-২১ পয়েন্টে জিতে তারা ২-১ সেটে এগিয়ে যায়। পিছিয়ে পড়েও বাংলাদেশ চতুর্থ সেটে অসাধারণ লড়াই করে এবং ২৫-২০ পয়েন্টে জয় তুলে নেয়। এতে ম্যাচটি গড়ায় পঞ্চম ও নির্ধারক সেটে।
পঞ্চম সেটেও ছিল চরম প্রতিদ্বন্দ্বিতা। দুই দলের পয়েন্ট যখন ১৩-১৩, তখন শ্বাসরুদ্ধকর উত্তেজনা অবস্থা। কিন্তু শেষ হাসি হেসেছে তুর্কমেনিস্তান। ১৬-১৪ পয়েন্টে বাংলাদেশের প্রথম হার নিশ্চিত হয়।
ফাইনালে ওঠার জন্য বাংলাদেশকে এখন অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে এ দিন বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের।